খানাখন্দে যান চলাচল বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-বাকেরগঞ্জ-বরিশাল সড়কের বরগুনা অংশের ৪৫ কিলোমিটার সড়কের অন্তত ২৩ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তায় যেকোনো মুহূর্তে দূরপাল্লা, আন্তজেলা বাস, অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে বাসমালিক ও শ্রমিকেরা আশঙ্কা করছেন। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ইট-পাথর উঠে যাওয়ায় প্রতিদিনই কাদায় আটকে যাচ্ছে বিভিন্ন যানবাহন। এসব গর্তে বর্ষার পানি জমে যানবাহনের পাশাপাশি মানুষের চলাচলও বিঘ্নিত হচ্ছে। প্রতিদিন এ সড়ক থেকে ঢাকাগামী ৪০টি পরিবহনের বাস ও বরগুনা-বেতাগী সড়কপথে আরও কমপক্ষে ৩০টি বাস চলাচল করে। গত কয়েক দিনের টানা বর্ষণে রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, এ সড়কের সোনার বাংলা, গৌরীচন্না, বারঘর, চান্দখালী, খলিশাখালী, গাবুয়া, কিসমতপুর, কাঁঠালতলীসহ নানা স্থানে সড়কের ইট-সুরকি উঠে মাটির সঙ্গে মিশে গেছে এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষার পানি জমে গৌরীচন্না থেকে কাঁঠালতলী পর্যন্ত সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই বাস ও অন্যান্য যানবাহনের চাকা ফেঁসে যাচ্ছে, নয়তো খাদে আটকে যাচ্ছে। এতে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অপরদিকে যানজটের সৃষ্টি হচ্ছে। সাকুরা পরিবহনের বরগুনা কাউন্টারের প্রতিনিধি মজিবুল হক বলেন, ‘বর্তমানে রাস্তাটির যে অবস্থা তাতে যান চলাচলের আর কোনো উপায় নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কয়েক দিনের মধ্যে এ পথে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেব।’ জেলা বাসমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, বরগুনা থেকে বেতাগী সর্বোচ্চ এক ঘণ্টার পথ। সেখানে রাস্তা খারাপ হওয়ায় দুই ঘণ্টায়ও বেতাগী পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রতিদিনই কমপক্ষে ১০-১২টি গাড়ি নষ্ট হচ্ছে এবং যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেক মালিকই এখন এ সড়কে বাস চালাতে অনীহা প্রকাশ করছেন। বরগুনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহর আলী ভূঁইয়া জানান, বরগুনা-চান্দখালী-সুবিদখালী-কাঁঠালতলী পর্যন্ত মোট ৪৫ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ইতিমধ্যে ছয় কোটি ৩০ লাখ টাকার দরপত্র সম্পন্ন হয়েছে। ডিসেম্বর নাগাদ কাজ শেষ হবে।