খানাখন্দে যান চলাচল যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত সংযোগসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। সড়কের বেহাল দশার কারণে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
চট্টগ্রাম নগরের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও পর্যটনশহর কক্সবাজারের যোগাযোগের প্রধান মাধ্যম শাহ আমানত সেতু সংযোগসড়কটি।
সড়ক ও জনপথের (সওজ) চট্টগ্রাম অঞ্চল সূত্রে জানা গেছে, শাহ আমানত সেতুর সুফলের জন্য ২০০৯ সালে গুরুত্বপূর্ণ সড়কটি ১৫৩ কোটি টাকা ব্যয়ে চার লেন করার উদ্যোগ নিয়েছিল সরকার। তবে প্রকল্পটি গত পাঁচ বছরেও বাস্তবায়িত হয়নি। এখন নতুন করে ছয় লেন করার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৭৩ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশ সরকার সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ ব্যয় বাবদ ৭০ কোটি টাকা দেবে। প্রকল্পের বাকি টাকা দিচ্ছে কুয়েত সরকার।
এই প্রকল্পের অধীনে নগরের বহদ্দারহাট থেকে আনোয়ারার ওয়াই জংশন পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক ছয় লেন করা হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত।
সওজের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘গত এপ্রিলে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হলেও কবে নাগাদ কাজ শুরু হবে তা বলা মুশকিল। তাই কবে প্রকল্প শেষ হবে তা বলা যাচ্ছে না। তবে এখন পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। সড়ক সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসনকে ৬৪ কোটি টাকা দিয়েছি।’
গত সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের অন্তত ছয়টি অংশে ছোট-বড় অসংখ্য গর্ত আছে। ইট-বালি দিয়ে ভরাট করে পিচঢালা করা হলেও বর্তমানে তার অস্থিত্ব নেই।
স্থানীয় ব্যবসায়ী মীর আহমেদ বলেন, সড়কের গর্তগুলো ভরাট করা হয় ঠিকই। কিন্তু তিন-চার দিন পর উঠে যায়। সড়কের ধুলোবালির কারণে দোকানে বসা কষ্টকর হয়ে পড়ে। টমটমচালক বোরহান উদ্দিন ও সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল কাশেম বলেন, সাত-আট মাস ধরে রাস্তার অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলে পানি জমে যায়। গর্তে পড়ে গাড়ি আটকে যায়, যন্ত্রাংশ নষ্ট হয়। ফলে রাস্তায় যানজট সৃষ্টি হয়।
চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কটির বর্তমান অবস্থায় হতাশা প্রকাশ করে সৌদিয়া পরিবহনের স্বত্বাধিকারী কফিল উদ্দিন বলেন, দুই লেনের সড়কটি অন্ততপক্ষে চার লেন করা খুবই প্রয়োজন। গত দুই-তিন বছর ধরে এই সড়কটিও রক্ষণাবেক্ষণ কিংবা সংস্কার করা হচ্ছে না। এতে গাড়ির যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। রাস্তা-ঘাটের কারণে ব্যবসার বিনিয়োগ তুলে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে।
সম্প্রতি সওজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ থেকে ২৬ জুনের বৃষ্টিতে সড়কের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম কিলোমিটারের বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৪৫ লাখ টাকা ক্ষতি হয়। বিভাগীয়ভাবে ইট, ইটের খোয়া ও বালি দিয়ে এসব গর্ত সংস্কার করা হচ্ছে।
সওজের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, সড়কের বিভিন্ন স্থানে কিছু গর্ত আছে। তবে ঈদের আগেই এসব গর্ত ভরাট করে দেওয়া হবে। কিছুদিনের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু হবে।