খানাখন্দে যান চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। ছবিটি কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে গত রোববার তোলা l প্রথম আলো
কুষ্টিয়া–রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন। ছবিটি কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে গত রোববার তোলা l প্রথম আলো

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী থেকে খোকসা উপজেলার শেষ সীমানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কটির বিভিন্ন স্থানে বিটুমিন উঠে পাথর বেরিয়ে পড়ায় মালবাহী ও যাত্রীবাহী যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
গত রোববার দুপুরে পাথরবোঝাই একটি ট্রাক কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় গর্তে পড়ে বিকল হয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রায় আট ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করা হয়।
জানতে চাইলে কুষ্টিয়া সওজের উপসহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ পাথরবাহী ট্রাক চলাচল করে। একেকটি ট্রাকের ওজন প্রায় ৬০ টন; যা এই সড়কের জন্য উপযোগী নয়। ফলে সড়কে গর্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
সওজ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে খোকসা উপজেলার শিয়ালডাঙ্গা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার কুষ্টিয়া অংশে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ আশপাশের কয়েকটি জেলার হালকা ও ভারী কয়েক হাজার যানবাহন চলাচল করে। পদ্মা সেতুর কাজ শুরুর পর থেকে প্রতিদিন এ সড়ক দিয়ে পাথরবাহী বড় ট্রাক চলাচল করছে, যা কোনোভাবেই ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। এ সড়কের প্রস্থ ১৮ ফুট।
সওজ সূত্রে আরও জানা গেছে, এই ২৭ কিলোমিটার সড়কের মধ্যে ২০১০-১১ অর্থবছরে সর্বশেষ কুষ্টিয়া চৌড়হাস এলাকা থেকে কুমারখালী বাসস্ট্যান্ড পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। বাকি ১৫ কিলোমিটারে দীর্ঘ ১০ বছরের মধ্যে কোনো কাজ করা হয়নি। এতে ওই ১৫ কিলোমিটার অংশ খানাখন্দে ভরে গেছে। তবে গত বছর সড়কটি মেরামতে প্রায় দেড় কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু ভারী ট্রাক চলাচল করায় সড়কটি আগের জায়গায় চলে এসেছে।
সরেজমিনে গত মঙ্গলবার দেখা যায়, কুমারখালীর এলেঙ্গী রেলগেট, দুর্গাপুর, কাজীপাড়া, বাসস্ট্যান্ড এলাকা, তরুণমোড়, জিলাপিতলা, হাসিমপুর, মোড়াগাছা, হেলালপুর, থানামোড় ও শিয়ালডাঙ্গী এলাকার ১৫ কিলোমিটার সড়কের বেশির ভাগ অংশ খানাখন্দে ভরা। ভারী যানবাহন চলাচল করায় সড়কের ওপরের অংশের ছোট পাথর উঠে সড়কের পাশে জড়ো হয়ে আছে। অনেক জায়গায় মোটরসাইকেলসহ বাস-ট্রাক চলন্ত অবস্থায় ব্রেক করলে উল্টে যাওয়ার উপক্রম হচ্ছে। কয়েক দিন ধরে ভারী বর্ষণে সড়কের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে। বেশি গর্তের স্থানে সওজ ইট দিয়ে ভরাট করে দিয়েছে। বৃষ্টিতে সেগুলো গুঁড়া হয়ে যাচ্ছে।
কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় বড় গর্তের জায়গায় চারটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে। ট্রাকের চালক সেলিম হোসেন বলেন, সামনে গর্ত থাকায় ঝুঁকি নেওয়া যাচ্ছে না। তাই দাঁড়িয়ে আছেন। কবে যাবেন তার ঠিক নেই।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ২৮ কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য প্রায় ৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব গত ফেব্রুয়ারি মাসে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে আট কিলোমিটার সড়ক মজবুত করা হবে।