
বগুড়া-নাটোর ৭২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানের ইট-খোয়া ও কার্পেটিং উঠে অসংখ্য খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই সড়কের বেশির ভাগ অংশ ক্ষতবিক্ষত থাকায় ঝুঁকির মধ্যেই যানচলাচল করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বগুড়ার শাকপালা থেকে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা পর্যন্ত সড়কটির ৩২ কিলোমিটার অংশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ বগুড়ার। রণবাঘা থেকে নাটোর পর্যন্ত ৪০ কিলোমিটার অংশ নাটোর সওজের। এর মধ্যে বগুড়া অংশের ১০ থেকে ১৫টি স্থান এবং নাটোর অংশের অনেক স্থান যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
সওজ বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, গত ঈদে সওজ নিজস্ব জনবল দিয়ে বগুড়ার ৩২ কিলোমিটার অংশে ইট ও খোয়া ফেলে সাময়িকভাবে সংস্কারকাজ করেছিল। কিন্তু বৃষ্টির কারণে ফের কিছু অংশ খারাপ হয়ে গেছে। বগুড়ার পুরো অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। আগামী জুনের মধ্যেই সংস্কারকাজ শেষ হবে।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, শাকপালা থেকে রণবাঘা পর্যন্ত অংশে বহু স্থানে ইট-কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এর মধ্যে নন্দীগ্রামের কালিকাপুরের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। এখানে বেশ কিছু গর্ত কাদাপানিতে একাকার হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানচলাচল করছে। বাবুরপুকুর, কুন্দারহাট, বাঁশবাড়িয়া, টেঙ্গামাগুর, সাগরিকা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকা, রূপিহার, নন্দীগ্রাম সদরের বাসস্ট্যান্ড ও নন্দীগ্রাম ফিলিং স্টেশনের সামনের অংশের অবস্থাও বেহাল।
চার-পাঁচজন চালক ও আট-নয়জন যাত্রী জানান, সড়কের বগুড়ার অংশের চেয়ে নাটোর অংশ বেশি বেহাল। কয়েক মাস আগে নাটোর অংশ সংস্কার করা হলেও বর্ষা শুরুর পর আবারও বহু স্থানের ইট ও কার্পেটিং উঠে খানাখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা সিংড়া থেকে নাটোর অংশ পর্যন্ত। এর মধ্যে খেজুরতলা বাসস্ট্যান্ডের আগে ও পরের অংশে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
রংপুর থেকে রাজশাহীগামী একটি বাসের চালক শফিকুল ইসলাম বলেন, মহাসড়কের বগুড়া অংশের কালিকাপুর সড়কপাড়া ও নাটোরের খেজুরতলা থেকে নাটোর পর্যন্ত অংশ মরণফাঁদে পরিণত হয়েছে। ভাঙাচোরা ও ক্ষতবিক্ষত এসব অংশে মাঝেমধ্যেই যানবাহন বিকল হয়ে আটকে পড়ছে।
বরিশালগামী বিআরটিসি বাসের চালক সোহাগ জোয়ারদার বলেন, নাটোর-বগুড়া সড়কের বেহাল দশার কারণে দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলের পথে কোনো চালকই বাস চালাতে চান না।
পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাসের যাত্রী নুসরাত ফারিহা বলেন, বগুড়া থেকে নাটোর পর্যন্ত অংশ দীর্ঘদিন ধরে বেহাল। ভাঙাচোরা সড়কে যাতায়াতে যাত্রীদের কষ্ট-ভোগান্তি হলেও কারও এদিকে কোনো নজর নেই।
বগুড়া মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, সড়কের বেহাল দশার কারণে এই পথে বাস চালিয়ে মালিকদের আর্থিক লোকসান হয়। ভাঙাচোরা ও ক্ষতবিক্ষত সড়কে বাস চালাতে গিয়ে প্রচণ্ড ঝাঁকুনির কারণে গাড়ির চাকার টায়ার ছয় মাসও টেকে না। একটু উনিশ-বিশ হলেই ইঞ্জিন বিকল হয়ে যায়।