খানাখন্দে যানবাহন চলাচল ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি গত শুক্রবার রাজবাড়ী শহরের বড়পুল বসুন্ধরা সিনেমা হলের সামনে থেকে তোলা l প্রথম আলো
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি গত শুক্রবার রাজবাড়ী শহরের বড়পুল বসুন্ধরা সিনেমা হলের সামনে থেকে তোলা l প্রথম আলো

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। এতে করে পথচারী ও যাত্রীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় থেকে কুষ্টিয়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য ৭২ কিলোমিটার। এর মধ্যে গোয়ালন্দ মোড় থেকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিয়ালডাঙ্গী পর্যন্ত ৪৫ কিলোমিটার রাজবাড়ী জেলায় পড়েছে। ২০১৩-১৪ অর্থবছরে ক্ষতিগ্রস্ত কয়েকটি অংশে প্রায় দেড় কিলোমিটার রাস্তা মেরামত করা হয়। এ ছাড়া নিয়মিত সংস্কারের অংশ হিসেবে প্রায়ই বালু ও ইট ফেলা হয়।

গত বৃহস্পতি ও শুক্রবার সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ মোড় থেকে মাদ্রাসা সেতু পর্যন্ত, ফেলুর দোকান, কল্যাণপুর ব্র্যাক কার্যালয় থেকে নতুন রাস্তা, রাজবাড়ী জুট মিল এলাকা, আহ্লাদিপুর সেতু, শ্রীপুর টার্মিনাল, শ্রীপুর বাজার, বড়পুল বসুন্ধরা সিনেমা হল থেকে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম, নতুন বাজার বাসস্ট্যান্ড, বাগমারা মোড়ের আগে, চন্দনী সেতুসহ বিভিন্ন এলাকায় রাস্তার পিচ-খোয়া উঠে গেছে। কোথাও কোথাও বড় আকারের গর্ত তৈরি হয়েছে। রাস্তার অনেক স্থানে পিচ জমে উঁচু টিবির মতো তৈরি হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে। এসব গর্তের ওপর দিয়ে গাড়ি চলার সময় পানি ছিটকে পথচারীদের কাপড় নষ্ট হচ্ছে।

ট্রাকচালকের সহকারী হৃদয় মোহাম্মদ। তিনি কুষ্টিয়ার মজমপুরের বাসিন্দা। কুষ্টিয়া থেকে আম নিয়ে গত বৃহস্পতিবার রাতে রওনা দেন ঢাকার উদ্দেশে। রাজবাড়ীর বসুন্ধরা সিনেমা হলের সামনে পৌঁছান রাত চারটার দিকে। কিন্তু অত্যধিক ঝাঁকুনির ফলে চাকার যন্ত্রাংশ খুলে গেছে। শুক্রবার মেরামত করার লোক না পাওয়ায় অপেক্ষা করতে হয়েছে।

অপর ট্রাকচালক রফিকুল ইসলাম খান বলেন, গোয়ালন্দ মোড় থেকে রাস্তার বেহাল দশা। ভাঙা রাস্তায় সময় বেশি লাগে। আবার মাঝেমধ্যে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এতে সময় ও টাকা দুটোই বেশি ব্যয় হচ্ছে।

পথচারী ফারুক উদ্দিন বলেন, প্রায় দিনই রাস্তায় কোনো না কোনো যানবাহন নষ্ট হচ্ছে। মাঝেমধ্যে ট্রাকের যন্ত্রাংশ ভেঙে পড়ে থাকে। এই পথে যানবাহনে যাতায়াত করলে কোমর ব্যথা হয়ে যায়। কিন্তু এদিকে নজর দেওয়ার কেউ নেই।

মোটরসাইকেলের চালক মেহেদী হাসান বলেন, ‘রোদ উঠলে ধুলায় চোখে কিছু দেখা যায় না। আবার বৃষ্টি হলেই পানি জমে একাকার। মাঝেমধ্যে রাস্তায় কিছু ইট ফেলতে দেখি। কিন্তু এতে তো কাজের কাজ কিছুই হয় না।’

ইজিবাইকের চালক আমিনুল ইসলাম মোল্লা বলেন, ‘সাইড দিতে গেলেই গর্তে পড়তে হয়। আর গর্তে পড়লেই গাড়ির কিছু নষ্ট হবে। আবার ঝাঁকুনির জন্য যাত্রীদের কথা শুনতে হয়। এই যন্ত্রণার হাত থেকে আমাদের রক্ষা করেন।’

সওজ রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার রুমী বলেন, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী পর্যন্ত রাস্তা প্রশস্তকরা হবে। এ বিষয়ে প্রায় ৩৯২ কোটি টাকার একটি বড় প্রকল্প মন্ত্রণালয় থেকে পাস করা হয়েছে। এখন দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে এ কাজ শুরু হতে কমপক্ষে এক বছর সময় লাগবে। আবার বেশিও লাগতে পারে।

তিনি আরও বলেন, প্রকল্পটির আওতায় শহরের পৌর এলাকায় চার লেনবিশিষ্ট রাস্তা করা হবে। কাজটি শেষ হলে আর কোনো সমস্যা থাকবে না। এ কারণে এ সড়কে আর কোনো প্রকল্প গ্রহণ করা যাবে না। তবে ঈদে মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করার জন্য আপাতত জেলা পর্যায় থেকে সংস্কারকাজ করা হচ্ছে। এতে সাময়িকভাবে সমস্যার সমাধান হবে।

রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী বলেন, রাস্তা নিয়ে আর বেশি দিন রাজবাড়ীবাসীকে দুর্ভোগ পোহাতে হবে না। কয়েক মাসের মধ্যে রাস্তার উন্নয়ন করার পাশাপাশি শহর এলাকার শোভা বাড়ানো হবে।