খানাখন্দে ৪০ গ্রামের মানুষের দুর্ভোগ
বগুড়ার শেরপুরে পূর্ণতলা থেকে বনমরিচা পর্যন্ত এক কিলোমিটার সড়কের তিনটি স্থানে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। ওই সড়ক দিয়ে উপজেলার দুই ইউনিয়নের অনন্ত ৪০টি গ্রামের মানুষ চলাচল করে। চলতি বর্ষায় এসব খানাখন্দে পানি জমে দুর্ভোগ বেড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর কার্যালয় (এলজিইডি) থেকে তিন বছর আগে পূর্ণতলা, বনমরিচা ও গোসাইবাড়ী এলাকার বাজারে সড়কটি সংস্কার করা হয়। কিন্তু সংস্কার তিন মাসও টেকেনি। নতুন করে সংস্কারের দাবিতে তাঁরা উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে একাধিকবার শরণাপন্ন হয়েছেন। এতে কোনো উপকারে আসেনি।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের তথ্যমতে সড়কটি ‘উপজেলা সড়ক’ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। শেরপুর ডিগ্রি কলেজের পাশে পূর্ণতলা থেকে কুসুম্বী ইউনিয়নের মুরাদপুর পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এই সড়কে উপজেলার কুসুম্বী, গাড়িদহ ইউনিয়নের লোকজন যাতায়াত করে থাকে।
গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, খানাখন্দে ভরা সড়কের ওই এক কিলোমিটারে পূর্ণতলা, বনমরিচা ও গোসাইবাড়ী বাজার রয়েছে। সড়কের ওপর জমে থাকা পানিতে পিচ ও ইটের খোয়া উঠে গেছে। খানাখন্দগুলো ছয় ইঞ্চি থেকে এক ফুট পর্যন্ত গভীর হয়েছে। এ সড়ক দিয়ে বেশি চলাচল করে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি।
উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম বলেন, ওই সব বাজার এলাকায় পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানগুলো এক থেকে দেড় ফুট উঁচু। এ কারণে বৃষ্টি হলে সড়কটি নালায় পরিণত হয়। এ জন্য গত বছর সড়কটি সংস্কার করলেও ওই সব গ্রামের মানুষের কোনো উপকারে আসেনি। গাড়িদহ ইউপি চেয়ারম্যান আশরাফ আলী বলেন, সড়কটি সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছেন। এতেও কাজ হয়নি।
কুসুম্বী ইউনিয়নের কেল্লা গ্রামের কৃষক আয়েজ উদ্দিন বলেন, এই সড়কের ওপর দিয়ে তাঁদের উৎপাদিত কৃষিপণ্য শেরপুর বারোদুয়ারী হাটে নিতে হয়। সড়কটি খারাপ হয়ে পড়ায় হাটে কৃষিপণ্য তোলা নিয়ে তাঁদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে। তাজপুর গ্রামের গৃহিণী নাজমা খাতুন বলেন, সড়কের খানাখন্দের কারণে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন গ্রামের গর্ভবতী মায়েরা। ঝুঁকি নিয়ে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়।
ব্যাটারিচালিত রিকশাচালক মাজেম উদ্দিন বলেন, বৃষ্টি হলে সড়কের গর্তগুলো পানিতে ডুবে থাকায় বোঝা যায় না। অনেক সময় গর্তের মধ্যে গাড়ি পড়ে গেলে নষ্ট হয়ে যায়। তাঁরা যে টাকা রোজগার করেন, তা দিয়ে গাড়ি মেরামত করতে হয়। আরেক রিকশাচালক জয়নাল আবেদীন বলেন, সড়কে খানাখন্দের কারণে যাত্রীও কমে গেছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ওবায়দুল ইসলাম এ সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ওই সব বাজার এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ বেড়েছে। সংস্কারের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। অনুমোদন পাওয়া গেলে সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে।