খানাখন্দের কারণে পিরোজপুর পৌর শহরের বেশির ভাগ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।পৌর শহরের রিকশাচালক জামাল হোসেন বলেন, ‘অনেক রাস্তায় যাত্রী নিয়ে যাওয়া যায় না। হের পরও যদি ঝুঁকি নিয়ে যাই, তাইলে দেহা যায় ১০ টাহা কামাইতে যাইয়া তিন টাহার একটা স্পোক (লোহার শলা) ভাইঙ্গা যায়।’গত সোমবার সরেজমিনে শহরের মাঝখান দিয়ে যাওয়া সড়ক ও জনপথের (সওজ) রাস্তা এবং আপার সার্কুলার রোড ছাড়া অধিকাংশ সড়কের বিটুমিন ও ইট উঠে গেছে। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার অনেক সড়ক ভেঙে মাঝখানে খালের মতো পানি জমে আছে। শহরের মুসলিমপাড়া সড়ক, শেখবাড়ী সড়কের কিছু অংশ, নামাজপুর সড়ক, শিকারপুর সড়ক, মণ্ডলপাড়া সড়ক, খামকাটা সড়ক, মাছিমপুর সড়কসহ ২০টি সড়ক ঘুরে প্রায় একই চিত্র দেখা গেছে।পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। অনেক সড়ক আছে, যা দিয়ে চলাচল করতে গেলে মাজায় দাঁড়া থাকে না।মাছিমপুর এলাকার বাসিন্দা মো. এনায়েত হোসেন বলেন, রাস্তা ভেঙে খাল হয়ে যাচ্ছে, কিন্তু কর্তৃপক্ষের কোনো নজর নেই। শুকনার দিনে যেমন-তেমন, বর্ষায় অবস্থা আরও খারাপ। এই সড়ক দিয়ে শিশুরা স্কুলে আসে।অটোরিকশার চালক ফরিদ মিয়া বলেন, ‘নিজের কিছু টাকা আর সমিতি থেকে ঋণ নিয়ে অটোরিকশা কিনেছি। এই রিকশা নিয়ে সব সড়কে যাওয়া যায় না। রাস্তা খারাপ থাকার কারণে আয়ও অনেক কম হয়।’পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সিকদার বলেন, ‘নির্বাচনের আগে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, নির্বাচিত হলে সড়ক নির্মাণ-পুনর্নির্মাণ করব। কিন্তু পৌরসভার নিজস্ব তহবিল না থাকায় সড়কের উন্নয়ন করা যাচ্ছে না।’৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জালাল উদ্দিন বলেন, ‘আমার ওয়ার্ডে প্রায় ছয় কিলোমিটার সড়ক। এর মধ্যে এক কিলোমিটার কার্পেটিং করা, বাকিটা ইট বিছানো। এই ইট বিছানো সড়কের অনেক স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। মানুষ ভোট দেয় তারা ভালো সড়ক দিয়ে হাঁটার জন্য, কিন্তু সে ব্যবস্থাও করতে পারছি না।’ পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা মাহবুব বলেন, ‘পৌরসভায় তহবিল নেই। এ কারণে সড়কগুলো মেরামত করা যাচ্ছে না। আমরা বুঝি পথ চলতে গিয়ে মানুষের ভোগান্তি হচ্ছে। বরাদ্দ এনে সড়কগুলোর মেরামত করার জন্য চেষ্টা চালাচ্ছি।’