খানাখন্দের চট্টগ্রাম নগরে চলা দায়
টানা পাঁচ দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বেশির ভাগ সড়কের পিচ উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। কোথাও কোথাও তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। বৃষ্টির সঙ্গে সড়কের দুর্গতি দুর্ভোগ বাড়িয়েছে চালক ও যাত্রীদের। খোদ সিটি করপোরেশনের হিসাবেই কয়েক দিনের বৃষ্টিতে নগরের অন্তত দেড় শ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বহদ্দারহাট থেকে টাইগারপাস মোড় পর্যন্ত সিডিএ অ্যাভিনিউ, কাজীর দেউড়ির এস এস খালেদ সড়ক, বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত আরাকান সড়ক, বিমানবন্দর সড়ক, পোর্ট কানেকটিং (পিসি) সড়ক, আগ্রাবাদ অ্যাকসেস সড়ক, শেখ মুজিব সড়ক, পতেঙ্গা সমুদ্রসৈকত সড়ক, মাইজপাড়া সড়ক, স্টেশন সড়ক, সিরাজদ্দৌলা সড়কের বেহাল অবস্থার কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। এতে দুর্ভোগ পড়ছেন যাত্রী ও চালকেরা।
সরেজমিনে গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সাতটি সড়ক ঘুরে দেখা যায়, প্রায় সাত কিলোমিটার দীর্ঘ সিডিএ অ্যাভিনিউ সড়কের প্রায় পুরোটাই খানাখন্দে ভরা। জিইসি থেকে এ কে খান মোড় পর্যন্ত জাকির হোসেন সড়কেরও একই অবস্থা। বিশেষ করে এই সড়কের মহিলা কলেজ মোড়, ঝাউতলা রেললাইন, আকবর শাহ, ইস্পাহানী সি গেট অংশে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
নগরের কর্নেলহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অংশেও ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। এ কারণে ধীরে চলতে হচ্ছে যানবাহনকে। সড়কের দুরবস্থার কারণে ক্ষোভ প্রকাশ করেন সরকারি চাকরিজীবী আবারক হোসেন ও রিকশাচালক রহিম মিয়া। গতকাল বেলা দেড়টার দিকে কর্নেলহাট পদচারি–সেতুর নিচে কথা হয় সরকারি চাকরিজীবী আবারক হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ভাঙা সড়ক বৃষ্টিতে আরও খারাপ হয়েছে।’ রহিম মিয়া বলেন, ‘বৃষ্টিতে রাস্তা নষ্ট হয়ে গেছে। গাড়ি চালাতে পারছি না।’
সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে আট শ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাঁচ শ কিলোমিটার সড়ক পিচঢালা, দুই শ কিলোমিটার সড়ক সিমেন্টের ঢালাই দেওয়া এবং বাকি এক শ কিলোমিটার ইট ও কাঁচা সড়ক। সড়কের বেহাল অবস্থার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মুনিরুল হুদা (পরিকল্পনা ও উন্নয়ন) গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টিতে নগরের যেসব সড়কে ভারী গাড়ি চলাচল করে, সেগুলো কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কের পরিমাণ এখনো হিসাব করা হয়নি। তবে ধারণা করছি, এই বৃষ্টিতে এক শ থেকে দেড় শ কিলোমিটার সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে।’ এদিকে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন গতকাল দুপুরে নগরের সড়ক সংস্কারে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। মেয়র নগরের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন।
বৈঠকের পর প্রকৌশলী আনোয়ার হোছাইন জানান, বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সড়কের গর্তগুলো ভরাট করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মেয়র। এ জন্য করপোরেশনের তহবিল থেকে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে নগরের সব সড়কের সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানান তিনি।