বরিশাল নগরের মৎস্যবন্দর সড়ক দীর্ঘদিন সংস্কার হচ্ছে না। সংস্কার না হওয়ায় বড় বড় খানাখন্দে ভরে গেছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
বরিশাল ইলিশ মোকাম ও ব্যবসায়ীদের অভিযোগ, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ যেনতেনভাবে সংস্কারকাজ করায় ছয় মাস পরই সড়কের ঢালাই উঠে গিয়ে রড বের হয়ে গেছে। বিভিন্ন সময় সংস্কারের জন্য অনুরোধ জানালেও উদ্যোগ নেওয়া হয়নি। গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণ যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, কয়েক স্থানে দুর্ঘটনায় পড়ে আছে ভ্যান, রিকশা। বিভিন্ন স্থানের রড বের হয়ে আছে। তার মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে হালকা ও ভারী যানবাহন।
ভ্যানচালক মো. নাসিরউদ্দিন বলেন, হঠাৎ গর্তে পড়ে পণ্য কাদাপানির মধ্যে পড়ে যায়। পাশেই গর্তে পড়ে একটি রিকশার চাকা ভেঙে গেছে।
ভ্যানচালক মেহেদি হাসান বলেন, ‘গত কয়েক দিনে তিনবার দুর্ঘটনার শিকার হয়েছি। গাড়িচালক মো. শামিম জানান, পোর্ট রোডের এই সড়কে এসেই সমস্যায় পড়তে হয়। কয়েকবার গাড়ির পাতি ভেঙে গেছে।
সিকদার অয়েল স্টোর্সের মো. সবুজ হাওলাদার বলেন, বর্তমানে সড়কের অবস্থা এমন যে পথচারীর চলাচলেরও অনুপযোগী। প্রতিদিন দু-একটি গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে।
বরিশাল আড়তদার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নীরব হোসেন জানান, প্রতিদিন এই মৎস্যকেন্দ্র থেকে শুধু মাছবোঝাই ৫০-৬০টি ট্রাক আসা-যাওয়া করে। এর বাইরে হাটখোলা ও বড় বাজারের সব পণ্যবাহী ট্রাক চলাচল করে। সব মিলিয়ে গড়ে এক থেকে দেড় শ ট্রাক চলাচল করে।
নীরব হোসেন আরও জানান, মাছ ব্যবসায় পানি অপরিহার্য। তাই সড়কটি বিটুমিনের পরিবর্তে আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাই দিয়ে করা হয়েছে। কিন্তু সংস্কারের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ছয় মাসের মধ্যে সড়কের অবস্থা খারাপ হতে থাকে। দুই বছর ধরে সড়কটি যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার দাস বলেন, এটা এখন আর সড়ক নেই। কাদাপানির ডোবায় পরিণত হয়েছে। সড়ক সংস্কারের জন্য বহুবার বিআইডব্লিউটিএর কাছে অনুরোধ জানানো হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
বিআইডব্লিউটিএ জানায়, তাদের নিয়ন্ত্রণে বরিশাল পোর্ট রোড এলাকার মোট এক হাজার ৩০০ মিটার সড়ক রয়েছে। এর মধ্যে আরসিসি ঢালাই দেওয়া মৎস্য–বন্দরের সড়কটি খানাখন্দে ভরা। ওই সড়কটি সর্বশেষ ২০০৯ সালের এপ্রিল মাসে সংস্কার করা হয়। মাছের আমদানি-রপ্তানি থাকায় সড়ক সংস্কারের সময় সড়কটি বন্ধ করে কাজ করা সম্ভব হয়নি। সংস্কারের সঙ্গে সঙ্গে ব্যবহারের জন্য খুলে দিতে হয়েছে। এসব কারণে নির্মাণের কিছুদিনের মধ্যে সড়কের বিভিন্ন স্থানের ঢালাই উঠতে শুরু করে।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বরিশালের নির্বাহী প্রকৌশলী এ জেড এম শাহনেওয়াজ কবির বলেন, ওই সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছিল কি না, তা বলতে পারব না। তবে সড়কে বড় বড় গর্ত হয়েছে। সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদের পর কার্যাদেশ দেওয়া সম্ভব হবে।