ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ২৫ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং চার লেনের উন্নয়নকাজের জন্য সৃষ্ট ধীরগতির কারণে এবারও ঈদের যাত্রায় দুর্ভোগের আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থেকে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে সাতটি পয়েন্টে অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অবশ্য ঈদ উপলক্ষে যাত্রীদের দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা প্রশস্তকরণের কাজ চলছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দগুলোর সংস্কারকাজ চলছে।
কালিয়াকৈর পরিবহনের বাসচালক আয়নাল হোসেন বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মুহূর্তে যানজটের প্রধান কারণ হচ্ছে খানাখন্দ ও রাস্তার উন্নয়নকাজ। এ ছাড়া কোনোরকমে জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও দু–এক দিন পর সড়কে আগের অবস্থা সৃষ্টি হচ্ছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুরের কোনাবাড়ীর প্রায় এক কিলোমিটার এলাকায় খানাখন্দ ও চার লেনে উড়ালসড়কের কাজ চলার কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। অল্প বৃষ্টি হলেই পানি জমে থাকে। কোনাবাড়ী থেকে আমবাগ ও কাশিমপুরের দিকে দুটি শাখা সড়ক রয়েছে। ওই শাখা সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। কাশিমপুর–কোনাবাড়ী সড়কের যানবাহনগুলো, বিশেষ করে শিল্পপ্রতিষ্ঠানের বড় বড় লরি মহাসড়কে ওঠার সময় অন্য গাড়িগুলোর গতিরোধ হয়।
কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর বাজার, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড় ও কালিয়াকৈরের সাহেববাজার এলাকায়ও মহাসড়কে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এক ঘণ্টার পথ অতিক্রম করতে সময় লাগছে চার–পাঁচ ঘণ্টা।
গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী এ কে এম নাহিদ রেজা বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যেসব স্থানে কার্পেটিং রয়েছে এবং খানাখন্দের সৃষ্টি হয়েছে, সেগুলো তাঁরা নিজ দায়িত্বে মেরামত করে দিচ্ছেন। বাকিগুলো মেরামতের দায়িত্ব চার লেন প্রকল্পের কর্মকর্তাদের।
চার লেন প্রকল্পের উপসহকারী ব্যবস্থাপক প্রকৌশলী মো. রুকনুজ্জামান বলেন, ঈদে গাড়ি চলাচলের জন্য সড়কের দুই পাশে ইট দিয়ে রাস্তার প্রশস্তকরণের কাজ করা হচ্ছে। ওই কাজের জন্য কোথাও কোথাও যান চলাচলে সাময়িক বেঘাত ঘটছে।