খানাখন্দের ২১ সড়কে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার স্টেডিয়াম সড়কে ছোট–বড় এ রকম অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
কক্সবাজার পৌরসভার স্টেডিয়াম সড়কে ছোট–বড় এ রকম অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

সংস্কার না করা এবং টানা বৃষ্টির কারণে কক্সবাজার পৌরসভার প্রধান সড়কসহ অন্তত ২১টি সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে কয়েকটি সড়কের ওপর নির্মিত কালভার্ট ভেঙে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শহরের হাসপাতাল সড়ক, মোহাজের পাড়া সড়ক, কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয় সড়ক, সার্কিট হাউস সড়ক, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়ক, বৌদ্ধমন্দির সড়ক, বাজারঘাটা সড়ক, বার্মিজ মার্কেট সড়ক, থানা সড়ক, কস্তুরাঘাট সড়ক, এন্ডারসন সড়ক, বড়বাজার সড়ক, টেকপাড়া সড়ক, পেশকারপাড়া সড়ক, খুরুশকুল সড়ক, রুমালিয়ারছড়া সড়কসহ অন্তত ২১টি সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। যান চলাচলেও সমস্যা হচ্ছে।
পৌরসভার কাউন্সিলর সিরাজুল হক, আশরাফুল হুদা সিদ্দিকী ও ছালামত উল্লাহ বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পৌর শহরের প্রধান সড়কের ১০টি অংশসহ অন্তত ২১টি উপসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি সড়কে তৈরি কালভার্ট ও ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে। এ কারণে জনদুর্ভোগ বাড়ছে।
শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সড়কের ওপর তৈরি কালভার্ট ভেঙে তিনটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ ও কক্সবাজার সরকারি হাসপাতাল, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, জেলা পরিষদ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার আদালত ভবন ও জেলা প্রশাসকের কার্যালয়।
স্টেডিয়ামের পাশের মোহাজের পাড়ার বাসিন্দা নাইজিন হুদা বলেন, সরকারি মহিলা কলেজে যাওয়া-আসার পথে এই ভাঙা কালভার্ট পার হতে হয় তাঁকে। বৃষ্টির সময় সড়কটি ডুবে গেলে কালভার্টের ভাঙা অংশ দেখা যায় না। ঝুঁকি নিয়ে তখন চলাফেরা করতে হয়।
জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল হক বলেন, স্টেডিয়াম সড়কটির ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী চলাফেরা করে। এ ছাড়া সরকারি হাসপাতাল ও একাধিক ক্লিনিকে দিনে আসা-যাওয়া করেন কয়েক শ রোগী। অথচ সড়কটি মানুষের কাছে ‘আতঙ্ক’ হয়ে আছে।
স্থানীয় চা-দোকানি মেজবাহ উদ্দিন বলেন, প্রতিদিনই কালভার্টের ভাঙা অংশে রিকশা, টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) চাকা আটকে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে গর্তের মধ্যে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বেশ কয়েকবার বাঁশের খুঁটির সঙ্গে লাল নিশানা টাঙিয়েছেন। কিন্তু কালভার্ট সংস্কার করা হচ্ছে না।
টেকপাড়া আমেনা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে দুটি ম্যানহোলের ঢাকনা খোলা থাকায় ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে কয়েক শ শিক্ষার্থীকে। এ ছাড়া টেকপাড়া, পেশকারপাড়া ও বড়বাজার সড়কেরও কয়েকটি ম্যানহোলের ঢাকনা ভেঙে গেছে।
পেশকারপাড়া ও বার্মিজ মার্কেট এলাকার কলেজ শিক্ষার্থী সাজিয়া আকতার, কণিকা আকতার ও সাদমান সাকিব জানান, সড়কের অবস্থা খারাপ হওয়ায় রিকশা ও টমটম চালকেরা যেতে চান না।
পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী বলেন, বৃষ্টির জন্য সড়ক সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না। শিগগিরই ভাঙা কালভার্টগুলো সংস্কার করা হবে।