খানাখেন্দ দুর্ভোগের শহর রংপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পায়রা চত্বরে সড়ক এমনই বেহাল l ছবি: প্রথম আলো
রংপুর নগরের পায়রা চত্বরে সড়ক এমনই বেহাল l ছবি: প্রথম আলো

ধাপ এলাকা থেকে রংপুর নগরের ভেতর দিয়ে কারমাইকেল কলেজে রিকশায় যেতে যে সময় লাগে, তার চেয়ে কম সময়ে বাসে করে ৪০ কিলোমিটার দূরের সৈয়দপুরে যাওয়া যায়। কারণ, রংপুর নগরের প্রধান সড়ক বেহাল। বললেন কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী রওশন আরা বেগম।
রিকশাচালক রহিম মিয়া বলেন, ‘শহরের ভেতরে রিকশা নিয়ে যাওয়া যায় না। একবার গেলে অনেক সময় কেটে যায়। তাই শহরের ভেতরে রিকশা না চালিয়ে পাড়ামহল্লায় রিকশা চালাই।’ প্রায় একই কথা বললেন আরও কয়েকজন রিকশাচালক ও সিএনজিচালিত অটোরিকশার চালক।

সড়ক বিভাজক তৈরির জন্য খুঁড়ে রাখা হয়েছে সড়ক। ছবিটি সালেক পাম্পের সামনে থেকে তোলা l প্রথম আলো
সড়ক বিভাজক তৈরির জন্য খুঁড়ে রাখা হয়েছে সড়ক। ছবিটি সালেক পাম্পের সামনে থেকে তোলা l প্রথম আলো

চার দফা সময়সীমা বাড়ানোর পর প্রায় সাড়ে চার বছরেও শেষ হয়নি রংপুর নগরের ১৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ। এতে মানুষের এই দুর্ভোগ।
এই ১৬ কিলোমিটার সড়ক হলো, নগরের মেডিকেল মোড় থেকে বাইপাস দিয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে মডার্ন মোড় পর্যন্ত আট কিলোমিটার। তারপর সেখান থেকে পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ও পায়রা চত্বর হয়ে শহরের ভেতর দিয়ে আবার মেডিকেল মোড় পর্যন্ত আট কিলোমিটার।
২০১০ সালের জুন মাসে কাজ শুরু হয়। ২০১২ সালের জুন মাসে কাজ শেষ হওয়ায় কথা থাকলেও তা হয়নি। এরই মধ্যে সময় বাড়ানো হয়েছে চার দফা। বর্ধিত সময়সীমা অনুযায়ী আগামী বছরের জুনে কাজ শেষ করার কথা।
এই সময়ে ১৬ কিলোমিটারের মধ্যে মাত্র তিন কিলোমিটার সড়কের কাজ পুরোপুরি শেষ হয়েছে।
নগরের মেডিকেল মোড় থেকে পায়রা চত্বর পর্যন্ত তিন কিলোমিটার সড়কের বিভাজকসহ কাজ শেষ হয়েছে। বাকি ১৩ কিলোমিটার সড়কের কাজ এখনো চলছে।

টেক্সটাইল মোড়ে সড়কের এক পাশে এভাবে বালু ও পাথর রেখে চলছে কাজ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
টেক্সটাইল মোড়ে সড়কের এক পাশে এভাবে বালু ও পাথর রেখে চলছে কাজ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, নগরের প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। পুরো সড়কজুড়ে খানাখন্দ। এখানে-সেখানে সড়কের ওপর ইট, বালু ও খোয়া স্তূপ করে রাখা হয়েছে। সড়ক প্রশস্ত না করে বিভাজক তৈরি করায় সড়ক সরু হয়ে গেছে। এবড়োখেবড়ো সড়কে এক পাশ দিয়ে শুধু একটি রিকশা চলতে পারে। রিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বাইপাস সড়কে বিভাজক হলেও এখনো এক পাশ দিয়ে আন্তজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল করছে।
কাজ শেষ না হওয়ায় নাগরিকদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এ প্রসঙ্গে সচেতন নাগরিক কমিটির জেলা (সনাক) সভাপতি মলয় কিশোর ভট্টাচার্য বলেন, নির্মাণকাজের দীর্ঘসূত্রতার জন্য দুর্ভোগ অনেক গুণ বেড়ে গেছে। নগরের প্রাণকেন্দ্রে শান্তিমতো হাঁটাচলা করার উপায় নেই।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘কাজটি করছে সড়ক ও জনপথ বিভাগ। তার পরও আমি নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে প্রতিবন্ধকতা দূর করতে কয়েকটি ভবন ভাঙার উদ্যোগ নিয়ে সফল হয়েছি। কাজে ধীরগতির কারণে সড়কগুলোর বেহাল হয়ে পড়েছে।’

চার লেনের কাজের জন্য রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড়ে সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী l ছবি: প্রথম আলো
চার লেনের কাজের জন্য রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড়ে সড়ক খুঁড়ে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী l ছবি: প্রথম আলো

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রংপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী সাজেদুর রহমান নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, অনেকে নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দিলেও কয়েকজন ব্যবসায়ী ভবন না ভাঙার কারণে কাজ শেষ করতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে। এটাই বিলম্বের কারণ। আগামী বছরের জুনের মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সওজের রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, চার লেন সড়কের কাজ শতকরা ৭৫ ভাগ শেষ হয়েছে।
তিনজন ঠিকাদার বর্তমানে কাজটি করছেন। তাঁদের মধ্যে মেসার্স তাজ মঞ্জিলের স্বত্বাধিকারী বেঞ্জু চৌধুরী বলেন, ‘আমাদের কার্যাদেশ দেওয়া হয়েছে মাত্র এক বছর আগে। সে অনুযায়ী কাজে কোনো গাফিলতি হচ্ছে না। যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টায় আছি।’