খাপড়া ওয়ার্ড দিবস জাতীয়ভাবে পালনের দাবি
উপমহাদেশের প্রথম জেলহত্যা দিবস ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইতিহাসের দায় মেটানোর প্রয়োজনে ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তাঁরা।
খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আলোচনা সভার আয়োজন করে আমিনুল ইসলাম বাদশা ফাউন্ডেশন, আবদুশ শহীদ সংসদ ও প্রসাদ রায় স্মৃতি পরিষদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাপড়া ওয়ার্ডের বিপ্লবীদের এখনো প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি। শহীদ সাতজন বিপ্লবীর জীবন ও কর্মের কথা এবং খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ডের বিষয়টি পাঠ্যবইয়ে তুলে ধরার দাবি জানান।
আলোচনায় অংশ নিয়ে ভাষাসংগ্রামী ও শব্দসৈনিক কামাল লোহানী বলেন, কৌশলে আমাদের গৌরবের ঘটনা ও ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খাপড়া ওয়ার্ডের সাত শহীদের আত্মত্যাগের কথা ভুলে গেলে ইতিহাসকেও অস্বীকার করা হবে। নতুন প্রজন্মের কাছে ওই সাতজন বিপ্লবীর আত্মত্যাগের কথা তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, খাপড়া ওয়ার্ডের ঘটনাকে স্মৃতিস্তম্ভ আর পুষ্পমাল্য মধ্যে সীমাবদ্ধ রাখলে এর প্রতি সুবিচার করা হবে না। এ উপমহাদেশের প্রথম জেল হত্যাকাণ্ডের ঘটনাটিকে জাতীয়ভাবে পালনের ব্যবস্থা নিতে হবে।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, খাপড়া ওয়ার্ডের বিপ্লবীরা দেশপ্রেম, মানবপ্রেম ও সমাজবদলের ইচ্ছাশক্তিতে বলীয়ান হয়ে নিরস্ত্র ও বন্দী অবস্থায় শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন। আপসহীন থেকেছেন আমৃত্যু।
প্রবীণ শ্রমিকনেতা জসিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, খাপড়া ওয়ার্ডে আহত বিপ্লবী প্রসাদ রায়ের দৌহিত্র ঋদ্ধ অনিন্দ্য, আমিনুল ইসলাম বাদশার দৌহিত্র সৌমিক, আবদুশ শহীদের মেয়ে জয়া শহীদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে খাপড়া ওয়ার্ডে শহীদদের স্মৃতি এবং রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে ঝরে যায় সাতটি বিপ্লবী প্রাণ। বন্দী অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন কমিউনিস্ট পার্টির কর্মী সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দেলোয়ার হোসেন, কম্পরাম সিং ও আনোয়ার হোসেন। আহত হন ৩২ জন।