খাপড়া ওয়ার্ড দিবস জাতীয়ভাবে পালনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রথম জেলহত্যা দিবস ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড শহীদ দিবস জাতীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইতিহাসের দায় মেটানোর প্রয়োজনে ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তাঁরা।
গতকাল রোববার খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আলোচনা সভার আয়োজন করে আমিনুল ইসলাম বাদশা ফাউন্ডেশন, আবদুশ শহীদ সংসদ ও প্রসাদ রায় স্মৃতি পরিষদ।
১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্ট রাজবন্দীদের ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে ঝরে যায় সাতজন বিপ্লবীর প্রাণ। বন্দী অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন কমিউনিস্ট পার্টির কর্মী সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দেলোয়ার হোসেন, কম্পরাম সিং ও আনোয়ার হোসেন। আহত হন ৩২ জন।
আলোচনায় অংশ নিয়ে কামাল লোহানী বলেন, ‘কৌশলে আমাদের গৌরবের ঘটনা ও ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খাপড়া ওয়ার্ডের সাত শহীদের আত্মত্যাগের কথা ভুলে গেলে ইতিহাসকেও অস্বীকার করা হবে।’ নতুন প্রজন্মের কাছে ওই সাতজন বিপ্লবীর আত্মত্যাগের কথা তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, খাপড়া ওয়ার্ডের বিপ্লবীরা দেশপ্রেম, মানবপ্রেম ও সমাজ বদলের ইচ্ছাশক্তিতে বলীয়ান হয়ে নিরস্ত্র ও বন্দী অবস্থায় শাসকগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেছেন। আপসহীন থেকেছেন আমৃত্যু।
প্রবীণ শ্রমিকনেতা জসিম উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশসহ আরও অনেকে।