খাপড়া ওয়ার্ডের চালা ভেঙে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক খাপড়া ওয়ার্ডের চালা ভেঙে পড়েছে। এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বৃষ্টি পড়ে এই ওয়ার্ডটির দেয়ালসহ অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে যেকোনো সময় এর দেয়ালও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে গতকাল বুধবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে রাজশাহী সদর আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি কারা কর্তৃপক্ষকে এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন। কারাগার সূত্রে জানা গেছে, নির্যাতনসহ নিম্নমানের খাবার পরিবেশনের প্রতিবাদে ১৯৫০ সালে কারাবন্দীরা আন্দোলন করেন। কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দীরা এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ওই বছর ২৪ এপ্রিল তাঁদের ওপরে পুলিশ গুলি চালায়। এতে কমিউনিস্ট পার্টির সাত নেতা-কর্মী শহীদ হন। তাঁরা হচ্ছেন দিনাজপুরের কাম্পারাং সিংহ, নবাবগঞ্জের রেলওয়ের শ্রমিক সুধীন ধর, কুষ্টিয়ার শেখ হানিফ ও আনোয়ার হোসেন, খুলনার ছাত্র আনোয়ার হোসেন, রাজশাহীর রেলওয়ের শ্রমিক বিজয় সেন ও ময়মনসিংহের ছাত্রনেতা সুখেন্দু ভট্টাচার্য। তাঁদের স্মরণে ওই ওয়ার্ডের পাশে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। স্মৃতিসৌধের গায়ে শহীদদের নাম খোদাই করে লেখা রয়েছে।কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শাজাহান আহাম্মেদ বলেন, খাপড়া ওয়ার্ডকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটাকে এখন শহীদদের স্মৃতি হিসেবে সংরক্ষণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।