খাপড়া ওয়ার্ডের বন্দী সত্যরঞ্জনের মৃত্যুতে সিপিবির শোক
রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া শেষ বন্দী কমরেড সত্যরঞ্জন ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর এক বিবৃতিতে বলেন, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে সাতজন কমিউনিস্টকে হত্যা করা হয়। পুলিশের গুলিতে আহত হন ৩২ জন। তাঁদের একজন সত্যরঞ্জন। গত রোববার রাত ১১টায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তিনি মারা যান। সিপিবি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
সংশোধনী: খাপড়া ওয়ার্ডে শেষ জীবিত বন্দী সত্যরঞ্জন আর নেই শীর্ষক খবরে বলা হয়েছিল, ‘প্রসঙ্গত, ১৯৫০ সালের ৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে কমিউনিস্ট পার্টির সাত কর্মীকে হত্যা করে পাকিস্তানি পুলিশ।’ প্রকৃতপক্ষে এটি ২৪ এপ্রিল হবে।