খাপড়া ওয়ার্ডের শেষ জীবিত বন্দী সত্যরঞ্জন আর নেই
খাপড়া ওয়ার্ডের শেষ জীবিত বন্দী সত্যরঞ্জন ভট্টাচার্য শেষনিশ্বাস ত্যাগ করেছেন। গত রোববার দিবাগত রাত ১১টায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি নার্সিং হোমে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত সত্যরঞ্জন ভট্টাচার্যের ছেলে ঋত্বিক ভট্টাচার্য মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত রোববার তাঁর বাবার হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। চিকিৎসকেরা তাঁকে নার্সিং হোমে ভর্তি করতে বলেন। ওই দিন রাত ১১টার হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর বাবা মারা যান। পরদিন সোমবার সত্যরঞ্জন ভট্টাচার্যের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী গৌতম দেবসহ অনেকে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে গুলি চালিয়ে কমিউনিস্ট পার্টির সাত কর্মীকে হত্যা করে পাকিস্তানি পুলিশ। কারা কর্তৃপক্ষের দুর্ব্যবহার, নিম্নমানের খাবার সরবরাহ এবং কারাবিধান অনুযায়ী প্রয়োজনীয় সুযোগ না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন রাজবন্দীরা। ওই সময় গুলিতে আরও ৩২ রাজবন্দী আহত হন।
সত্যরঞ্জনের ছোট ভাইয়ের ছেলে পিনাকী ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘আমার মেজ জেঠু গুলিতে আহত ৩২ বন্দীর একজন ছিলেন। তিনি তখন দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গুলি চলার সময় একটি মোটা পাঠ্যবই বুকে চেপে মাটিতে শুয়ে পড়েন তিনি। একটা গুলি সেই পাঠ্যবইয়ে লাগে। স্মৃতি হিসেবে গুলিবিদ্ধ বইটা আমাদের বগুড়ার বাসায় ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী আমাদের বাসা আগুনে পুড়িয়ে দিলে বইটিও পুড়ে যায়।’
সত্যরঞ্জন ভট্টাচার্য পাকিস্তান আমলেই ভারতে চলে যেতে বাধ্য হন। তিনি সেখানে শিক্ষকতার পাশাপাশি ভারতের কমিউনিস্ট পার্টির (সিপিআই) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে পিনাকী ভট্টাচার্য জানান, আজীবন সংগ্রামী সত্যরঞ্জন ভট্টাচার্য স্মরণে ঢাকায় কিছুদিনের মধ্যেই একটি স্মরণসভার আয়োজন করা হবে।