খাবার অনুপযোগী গম পাওয়া যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য মন্ত্রণালয় দাবি করেছে, ব্রাজিল থেকে আমদানি করা গম আবারও পরীক্ষা করে দেখা গেছে, তা মানুষের খাবার অনুপযোগী নয়। গতকাল বুধবার গণমাধ্যমে ওই গম সম্পর্কে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দেওয়া ব্যাখ্যায় মন্ত্রণালয় এ কথা বলেছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. কাউসার আহাম্মদ স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় গম নিয়ে বিরূপ সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকদের মাধ্যমে সারা দেশ থেকে সিলগালা করা গমের নমুনা সংগ্রহ করা হয়। তারপর ওই গম ল্যাবরেটরিতে আবারও পরীক্ষা করা হয়।
ব্রাজিল থেকে আমদানি করা গমের পুনঃপরীক্ষা প্রতিবেদন অনুযায়ী পচা কিংবা মানুষের খাবার অনুপযোগী কোনো গম পাওয়া যায়নি উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়, চুক্তিতে বর্ণিত নির্দেশ মোতাবেক গম পাওয়া গেছে।
ব্যাখ্যায় আরও বলা হয়, পিপিআর-২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে গম কেনার জন্য উন্মুক্ত পদ্ধতির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়। কোনো দেশের সঙ্গে সরাসরি চুক্তি করে গম আমদানি করা হয়নি।
মন্ত্রণালয়ের ব্যাখ্যায় ব্রাজিল থেকে আমদানি করা গম কোথায় কীভাবে পরীক্ষা করা হয়েছে, তা বলা হয়নি।