হোটেলে টেবিলে বসা নিয়ে ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন ছাত্র আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট ও চারুকলা অনুষদের শাহনেওয়াজ ছাত্রাবাসের ছাত্রদের মধ্যে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে শ্রেণীকক্ষে উপস্থিত হতে পারেননি শতাধিক ছাত্রী। সংঘর্ষের ঘটনায় চারুকলার ভাস্কর্য বিভাগের ছাত্র পলাশ, রিচার্ড ও শিপন, গ্রাফিক্স ডিজাইনের ছাত্র রাজন, ফয়সাল, রাজীব এবং সমাজকল্যাণ ইনস্টিটিউটের ছাত্র তারেকুল ইসলাম, সিরাজুল ইসলাম, কালাম ও রাশেদ আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকির্যাসা নিয়েছেন।ছাত্ররা জানান, সমাজকল্যাণ ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র রুহুল আমিন ও তারেকুল ইসলাম সকালে পার্শ্ববর্তী হোটেল নিরিবিলিতে নাশতা করতে যান। এ সময় রুহুলের পাশে থাকা ফাঁকা আসনে এসে বসেন চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ছাত্র ফয়সাল। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। সমাজকল্যাণ ইনস্টিটিউটের ছাত্ররা রুহুল ও তারেকুলের এবং শাহনেওয়াজ ছাত্রাবাসের বাসিন্দারা ফয়সালের পক্ষ নেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্ররা রাস্তার পাশের কয়েকটি ভ্রাম্যমাণ দোকান ভাঙচুর করে। প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের কারণে পার্শ্ববর্তী কুয়েত-মৈত্রী হল ও ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা শ্রেণীকক্ষে যেতে পারেননি। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর প্রক্টর দুই পক্ষের ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেন।প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।