‘১৫ দিন ধরে পানিতে, অথচ একবার কেউ খোঁজ নিল না। দিল না একটু ত্রাণ।’ দুই সপ্তাহ ধরে অর্ধাহারে-অনাহারে পানিতে নিমজ্জিত ঘরের মধ্যে পরিবারসহ বন্দী জামালপুরের পোগলদিঘা ইউনিয়নের গাছবয়রা গ্রামের ওসমান গনি (৫৫) গতকাল রোববার এভাবেই জানাচ্ছিলেন তাঁর দুর্ভোগের কথা। কিন্তু এ দুর্ভোগ তাঁর একার নয়। একই অবস্থা উত্তরাঞ্চলের বন্যাকবলিত কয়েকটি জেলার লাখো বানভাসি মানুষের। কয়েক দিন ধরেই এ অঞ্চলে বন্যার অবনতি হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে দুর্গত মানুষের দুর্ভোগ। প্রয়োজনীয় খাবার, পানি, ওষুধের অভাবে মানবেতর জীবন যাপন করলেও তাদের দেখার যেন সত্যিই কেউ নেই।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা তথ্যকেন্দ্রের বরাতে জানা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা ও মেঘনার পানি গত ২৪ ঘণ্টায় সামান্য হ্রাস পেয়েছে। তবে বেড়েছে পদ্মার। আগামী ৪৮ ঘণ্টায় শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের বন্যারও সামান্য অবনতি হতে পারে। গতকাল বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে বন্যার অবনতি হয়। আর আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহরসংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গীখালের পানি বাড়তে পারে।
জামালপুরে যমুনার পানি ১৭ সেন্টিমিটার কমলেও তা বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার ৪৪ ইউনিয়নের শতাধিক গ্রামের তিন লক্ষাধিক মানুষ আগের মতোই রয়েছে পানিবন্দী। দুর্গত পরিবারগুলোর বাড়িঘর একদিকে রয়েছে তলিয়ে, অন্যদিকে শুরু হয়েছে খাবার, পানি ও ওষুধের জন্য হাহাকার। ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে সরকারিভাবে কাগজে-কলমে দেখানো হলেও বাস্তব অবস্থা এর উল্টো। কুলকান্দি ইউনিয়নের পণ্ডিতেরচর গ্রামের আবদুল লতিফ বলেন, দুই দিন ধরে ত্রাণের সন্ধানে ঘোরাঘুরি করেও ত্রাণসামগ্রী পাওয়া যায়নি। এ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিনা আলম বলেন, ‘ত্রাণসামগ্রী চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। সরকারি বরাদ্দকৃত এই ত্রাণ দুর্গত মানুষের মধ্যে বিতরণের সময় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।’
বেশি ক্ষতিগ্রস্ত সরিষাবাড়ী উপজেলায় অর্ধশত বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। চার হাজার হেক্টর রোপা-আমন গেছে তলিয়ে। সাতটি ইউনিয়ন ও পৌরসভার ৫০টি গ্রামের ১৩ হাজার মানুষ পানিবন্দী। ১০টি পুকুরের কয়েক লাখ টাকার মাছও ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ কিলোমিটার কাঁচা ও ১২ কিলোমিটার পাকা রাস্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিস জাহান জানান, এক হাজার পরিবারকে ত্রাণসহায়তা হিসেবে চাল দেওয়া হয়েছে।
গতকাল বগুড়ার ধুনটে যমুনার পানি কিছুটা কমলেও বেড়েছে বাঙ্গালী ও ইছমতীর পানি। গতকাল পানিতে ডুবে মারা গেছে এক স্কুলশিক্ষার্থী। গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, তাঁর ইউনিয়নের চরখুকশিয়া গ্রামের নুরুল হকের ছেলে আবদুল হক (৭) দুপুরে স্থানীয় খালে গোসল করতে নেমে প্রবল স্রোতে ভেসে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
বন্যার পানির চাপে বিকেলে চৌকিবাড়ী গ্রামের বড়নালী খালের কালভার্ট ভেঙে উপজেলা সদরের সঙ্গে পাঁচটি গ্রামের ১০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফসল তলিয়ে যাওয়া থেকে রক্ষার চেষ্টায় এর আগে গত শুক্রবার স্থানীয় লোকজন কালভার্টটির মুখ বন্ধ করে সেখানে অস্থায়ী বাঁধ নির্মাণ করেছিলেন। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ১৩৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এদিকে বাঙ্গলী নদীর পানি বৃদ্ধি পেয়ে শনিবার রাতে জেলার শেরপুর উপজেলার খানপুর ও খামারকান্দি ইউনিয়নে পানি ঢুকে তলিয়ে যায় ১০টি গ্রামের মানুষের বাড়িঘর। ডুবে গেছে ৬০০ হেক্টর রোপা-আমনের খেত।
সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও করতোয়া, বড়াল, হুড়াসাগর, গুমানি, বাঙ্গালীসহ শাখা নদীগুলোর পানি বাড়ছেই। বন্যা পরিস্থিতি রয়েছে অপরিবর্তিত। সিরাজগঞ্জ পয়েন্টে গতকাল সকালে যমুনা বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বন্যাকবলিত কয়েক লাখ মানুষের মধ্যে দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। পানিবন্দী মানুষের হাত-পায়ে দেখা দিয়েছে ঘা ও চুলকানির মতো অসুখ। সরকারিভাবে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলে অভিযোগ করেছেন বানভাসি মানুষ। শতাধিক স্কুলে পানি ওঠায় পাঠদান ব্যাহত হওয়া ছাড়াও প্রায় আট হাজার তাঁত বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন সহস্রাধিক শ্রমিক।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, গত দুই দিন সাতটি উপজেলায় বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন বিতরণ করা হচ্ছে। জেলায় ৫৩টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। এ ছাড়া পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ওদিকে কাজীপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামে ইছামতি নদীর ওপর তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০৯ মিটার দীর্ঘ সেতুটি যেকোনো মুহূর্তে ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল থেকে এ সেতু কাঁপতে শুরু করেছে। সেতুর দুই পাশের সংযোগ সড়কের সিসি ব্লক এরই মধ্যে ধসে গেছে। স্থানীয় তিনটি গ্রামের কয়েক শ মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেতুটি রক্ষার চেষ্টার চালাচ্ছে।
কুড়িগ্রামে লাখো মানুষ এখনো পানিবন্দী। পর্যাপ্ত ত্রাণের অভাবে পোহাচ্ছে দুর্ভোগ। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেছেন, ‘কুড়িগ্রামকে দুর্গত এলাকা ঘোষণার প্রশ্নই আসে না। এখানে চাহিদার তুলনায় বেশি ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। কোথাও কোনো মানুষ ভুখা নেই।’ গতকাল উলিপুর হাতিয়া ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।
ব্রহ্মপুত্রের পানি বেড়ে বন্যার অবনতি হয়েছে শেরপুর সদর উপজেলার। গতকাল এ উপজেলার চরপক্ষীমারী, চরমোচারিয়া, কামারেরচর, বলাইয়েরচর ও বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের ৩৭টি গ্রাম প্লাবিত হয়। এসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। একই দিন উপজেলার পোড়ার দোকান এলাকায় চরশ্রীপুর গ্রামের আমেজ উদ্দিনের ছেলে ও চরশ্রীপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আবদুর রশিদ (১৪) এবং কামারেরচর ইউনিয়নের মৃগি নদী এলাকায় যোগিনীবাগ খড়িয়া গ্রামের জমশেদ আলী (৫০) বন্যার পানিতে ডুবে মারা গেছেন।
টাঙ্গাইলের আটটি উপজেলায় বন্যার অবনতি হয়েছে। গতকাল যমুনার পানি ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, ইতিমধ্যে ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছে। এসব বিদ্যালয় অঘোষিতভাবে বন্ধ রয়েছে। এ জেলার ভূঞাপুর-তারাকান্দা সড়কের পিংনা জোকারচর বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। পাউবোর নির্বাহী প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ বলেন, বাঁধটি রক্ষায় আজ কাজ শুরু করা হবে।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যায় নিমজ্জিত হয়েছে প্রায় আড়াই হাজার হেক্টর ফসলি জমি। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও কুড়িগ্রাম; টাঙ্গাইল, শেরপুর, সরিষাবাড়ী, ধুনট ও শেরপুর (বগুড়া), বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি এবং জামালপুর সংবাদদাতা}