খাবার খেয়ে ১৮ গরু ব্যবসায়ী অসুস্থ
চট্টগ্রামে খাবার খেয়ে ১৮ জন গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার রাতে নগরের পতেঙ্গা কাঠগড় বাজারে এ ঘটনা ঘটে।
অসুস্থ হওয়া ব্যবসায়ীদের পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে কয়েকজন সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার সকালে হাসপাতাল ছেড়েছেন।
ব্যবসায়ীদের বরাত দিয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ভাত খাওয়ার পর কিছু গরু ব্যবসায়ী ঘুমিয়ে পড়েন। অন্যরা পাহারায় থাকেন। ঘুমিয়ে থাকা ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের খাবারে কেউ কিছু মিশিয়ে দিয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
অসুস্থ হওয়া কয়েকজন গরু ব্যবসায়ীর ভাষ্য, তাঁরা নিজেরা রান্না করে খান। এ খাবারে কৌশলে কেউ কিছু মিশিয়ে দিতে পারেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জন গরু ব্যবসায়ীর বাড়ি রাজশাহী অঞ্চলে।