খাবার খেয়ে অচেতন একই পরিবারের পাঁচ সদস্য
রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়া একটি পরিবারের পাঁচ সদস্যকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁদের অচেতন করে ঘরের মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, ইজ্জতপুর গ্রামের আবদুস সালাম ভূঞার পরিবারের সব সদস্য গত বুধবার রাত নয়টার দিকে রাতের খাবার খান। এরপর কয়েক মিনিটের মধ্যে আবদুস সালাম (৬০), তাঁর স্ত্রী বিবি ফাতেমা (৫০), মেয়ে নুর জাহান আরা আক্তার (৩০), মারজানা আরা আক্তার (২১) ও ইফফাত সুলতানা (১২) অচেতন হয়ে পড়েন। গতকাল সকালে আবদুস সালামের ছোট ভাই আবদুল গোফরান বসতঘরে ঢুকে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। এ সময় তিনি ঘরের আলমারির তালা ভাঙা ও ঘরের অন্যান্য জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।
গতকাল দুপুরে আবদুস সালামের কলেজপড়ুয়া মেয়ে মারজানা আরা আক্তার কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন, দুর্বৃত্তরা কী নিয়েছে, তা তাঁরা এখনো বলতে পারছেন না।