খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে দুই ভাই-বোন মারা গেছে। আজ সোমবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষাক্ত খাবার খেয়ে দুজনের মৃত্যু হয় বলে চিকিৎসকদের ধারণা।
মারা যাওয়া বোন হচ্ছে অনিতা মালো (১২) ও ভাই সুব্রত মালো (৮)। একই ঘটনায় অসুস্থ তাদের মা রেনু মালো (৫২) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রেনু মালো ফরিদপুরের ভাঙা উপজেলার মানিকদহ ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত সুকলাল মালোর স্ত্রী।

মানিকদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারুল আক্তারীর দেওয়া তথ্যমতে, গতকাল রোববার দুপুর পর্যন্ত রেনু মালো ও তাঁর সন্তানেরা ঘরের দরজা না খোলায় এলাকাবাসীর সন্দেহ হয়। তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও দুই সন্তানকে অসুস্থ অবস্থায় পেয়ে তিনজনকে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরিফ ইসলাম বলেন, গতকাল বিকেলে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে সুব্রত আজ সকাল পৌনে ১০টার দিকে ও বোন অনিতা সোয়া ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মা রেনু মালোর শারীরিক অবস্থাও শঙ্কামুক্ত নয়।

হাসপাতালে চিকিৎসাধীন রেনু মালো বলেন, গত শনিবার দুপুর ও রাতে তাঁরা একই তরকারি দিয়ে খাবার খান। দুপুরে তাঁদের সমস্যা না হলেও রাতে খাবার খাওয়ার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন, খাবারে কেউ বিষ মিশিয়ে থাকতে পারে।

রেনু মালোর আরেক ছেলে ত্রিবাস মালো (১৮) বলেন, তিনি ঢাকায় থাকেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার মা, ভাই ও বোনকে বিষ মেশানো খাবার খাওয়ানো হয়েছে। কে বা কারা খাবারে বিষ মিশিয়েছে, তা তিনি জানতে পারেনি।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, অনিতা ও সুব্রতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।