খাবার খেয়ে শতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
রাজধানীর অদূরে আশুলিয়ার উত্তর বেড়ন এলাকার পোশাক কারখানার শতাধিক শ্রমিক সোমবার রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেড়ন এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড নামের পোশাক কারখানায় সাত শতাধিক শ্রমিক কাজ করছিলেন। আশুলিয়ার জামগড়ার রাজদ্বীপ হোটেল থেকে মুরগির মাংস, ডাল ও ভাত এনে তাঁদের রাতের খাবার দেওয়া হয়। রাত ১২টার দিকে তিন ধাপে পর্যায়ক্রমে শ্রমিকেরা ওই খাবার খান। সবশেষে রাত দেড়টার দিকে শতাধিক শ্রমিক খাওয়া শেষে কাজে যোগ দেওয়া মাত্র অসুস্থ হয়ে পড়েন।অসুস্থ শ্রমিকদের আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রপার জেনারেল হাসপাতাল ও উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৩৭ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাইটিঙ্গেল হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক কাজল, আয়শা আক্তার ও শাহিদা জানান, খাবার খেয়ে কাজে যোগ দেওয়ার পরপরই তাঁদের পেট ও বুকে জ্বালা শুরু হয় এবং মাথা ঘুরতে থাকে। এর পরপরই তাঁরা বমি করতে থাকেন। এ সময় অনেকে অচেতন হয়ে পড়েন। হোটেল রাজদ্বীপের ব্যবস্থাপক তরু মিয়া জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের ৭৩০ জনের খাবারের চাহিদা দেওয়া হয়। রান্না শেষে রাত ১১টার দিকে খাবার কারখানায় পৌঁছে দেওয়া হয়। পচা বা বাসি কোনো খাবার দেওয়া হয়নি। নাইটিঙ্গেল হাসপাতালের চিকিৎসক মিরাজুল করিম বলেন, বেশি রাতে খাবার খাওয়া ও খাবারে বিষক্রিয়ার কারণে এমন হয়ে থাকতে পারে। তবে ওই খাবার ও বমি পরীক্ষা করা ছাড়া শ্রমিকদের অসুস্থতার কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ইয়াগি বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, শিপমেন্ট থাকায় শ্রমিকদের দিয়ে রাতে কাজ করানো হচ্ছিল। স্বাভাবিক নিয়মেই তাঁদের কারখানা থেকেই রাতের খাবার দেওয়া হয়। প্রথম তিন ধাপে যাঁরা খেয়েছেন, তাঁরা সুস্থ আছেন। কিন্তু শেষ ধাপে যাঁরা খেয়েছেন, তাঁদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন।