খাবার নিয়ে রওনা দেবেন খুলনার নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ মার্চ বিএনপির মহাসমাবেশ সফল করতে খুলনায় বিএনপি ও জামায়াতে ইসলামী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। মহাসমাবেশ উপলক্ষে ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করতে দল দুটি এক মাস ধরে জেলায় ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে।মহাসমাবেশকে কেন্দ্র করে শুধু খুলনা নগর নয়, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি প্রত্যন্ত গ্রামে বিএনপি-জামায়াতের প্রচারণা অব্যাহত আছে। সম্ভাব্য নানা প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে কর্মসূচি সফল করতে তারা নানা কৌশল নেবে।দলীয় সূত্রে জানা যায়, সরকারি দল এবং প্রশাসনের বাধা ও হামলা-নির্যাতনের আশঙ্কা মাথায় নিয়েই খুলনা থেকে রওনা হবেন নেতা-কর্মীরা। মহাসমাবেশে যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করতে ৮ মার্চ রাত থেকেই নেতা-কর্মীরা খুলনা ছাড়তে শুরু করবেন। ঢাকায় হোটেলে থাকতে প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাঁরা আশ্রয় নেবেন আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সমর্থকদের বাসায়-মেসে। নেতা-কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা এভাবে ব্যবস্থা করতে পারবেন, শুধু তাঁরাই ঢাকায় যাবেন।সূত্র জানায়, খুলনা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ৮ থেকে ১০ হাজার নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেবেন। এ ছাড়া জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনগুলোর হাজার পাঁচেক নেতা-কর্মী মহাসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। কৃত্রিম খাদ্যসংকট তৈরি করা হতে পারে এমন অশঙ্কায় নেতা-কর্মীরা বেশি করে শুকনো খাবার সঙ্গে নিয়ে যাবেন। যাঁরা আগে ঢাকায় যাচ্ছেন তাঁরা ১২ মার্চ খুলনার নেতা-কর্মীদের জন্য খিচুড়ি রান্নার ব্যবস্থা করবেন, যাতে হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকলেও খাদ্যসংকট না হয়। আর যাঁরা ঢাকায় যাবেন না, তাঁরা ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনায় দলীয় কার্যালয়ে থাকবেন। কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হলে তাঁরা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর কমিটির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা বিএনপি ইতিমধ্যে নগরের ৩১টি ওয়ার্ড, তিনটি ইউনিয়ন ও পাঁচটি থানায় যৌথ কর্মিসভা করেছে। সব অঙ্গসংগঠনের সঙ্গে প্রস্তুতিসভা হয়েছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী ও জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। কেন্দ্র থেকে পাঠানো এক লাখ এবং স্থানীয়ভাবে ছাপানো আরও তিন লাখ লিফলেট বিলি করা হয়েছে। হাজার হাজার পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে গোটা জেলায়। কর্মসূচি বানচালের ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের নানা কৌশল নিতে বলা হয়েছে। মহাসমাবেশ সফল করতে ৮ মার্চ নগরে গণমিছিল হবে, এতে অন্তত ২৫ হাজার লোকের সমাবেশ ঘটবে।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম বলেন, ‘জেলার নয়টি উপজেলা থেকে কয়েক হাজার নেতা-কর্মী ঢাকায় যাবেন। মহাসমাবেশকে কেন্দ্র করে মন্ত্রী, সরকারি দলের সাংসদদের আক্রমণাত্মক মন্তব্য বিরোধী দলের নেতা-কর্মীদের চ্যালেঞ্জের দিকে ঠেলে দিয়েছে। সব বাধা ডিঙিয়ে কর্মসূচি সফল করতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্য যেকোনো ধরনের প্রতিরোধ গড়তে, এমনকি সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও তাঁরা রাজি।খুলনার বাসিন্দা বিএনপির কেন্দ্রীয় নেতা মামুন রহমান জানান, তিনি ফুলতলা, অভয়নগরসহ বিভিন্ন এলাকার নেতা-কর্মীদের ট্রেনে ঢাকায় পাঠাতে চেয়েছিলেন। কিন্তু রেল কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে অতিরিক্ত টাকা খরচে ছয়টি বাস ভাড়া করতে হয়েছে।খুলনা মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘ঢাকা চলো’ কর্মসূচির পোস্টার ছাপানোর সময় সাতক্ষীরা ও খুলনা থেকে তাঁদের তিনজন কর্মীকে আটক করা হয়েছে। একটি ছাপাখানা সিলগালা করা হয়েছে। জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা কারাবন্দী। এ অবস্থায় চারদলীয় জোটনেত্রী খালেদা জিয়া যে ঘোষণা দেবেন, তা জামায়াতের নেতা-কর্মীরা সর্বাত্মকভাবে পালনে প্রস্তুত।বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্যসচিব সেখ মো. আখতার উজ জামান বলেন, খুলনার চিকিৎসকদের একটি দল ঢাকায় অবস্থান নিয়ে আটটি স্থানে হেলথ ক্যাম্পে অসুস্থদের সেবা দেবে।