খাবার পানি সংগ্রহ নিয়ে সংঘর্ষ, কলেজছাত্র নিহত
গভীর নলকূপের খাবার পানি সংগ্রহ করাকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনিতে দা দিয়ে কুপিয়ে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে আশাশুনি উপজেলার পশ্চিম বাঁকড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম হাবিবুল্লাহ সরদার (২৪)। তিনি আশাশুনি উপজেলার পশ্চিম বাঁকড়া গ্রামের আলীমুদ্দিন সরদারের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
সংঘর্ষে আহত হন শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ হোসেন (৪২)। এ ছাড়া কফিলউদ্দিন সরদার (৪৫), আবদুল বারী সরদার (৩২), ইদ্রিস আলী সরদার (৪০), নিমাজউদ্দিন সরদার (৪৫), জাহাঙ্গীর সরদারসহ (৩০) অন্তত ১০ জন। আহত ব্যক্তিদের বাড়ি আশাশুনি উপজেলার পশ্চিম বাঁকড়া গ্রামে।
পশ্চিম বাঁকড়া গ্রামের আবদুল্লাহ সরদার ও আবুল কাসেম সরদার জানান, বাঁকড়া গ্রামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গভীর নলকূপের বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিম বাঁকড়া ও পূর্ব বাঁকড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল। নলকূপের তদারকিতে থাকা পশ্চিম বাঁকড়ার আলীমুদ্দিন সরদার বিল না দেওয়ায় পূর্ব বাঁকড়া গ্রামে পানি সরবরাহ গত বুধবার বন্ধ করে দেন। এ নিয়ে পশ্চিম বাঁকড়া গ্রামের আবদুল ওহাব ও পূর্ব বাঁকড়া গ্রামের রব্বানী সরদারের নেতৃত্বে আজ তিনটার দিকে পশ্চিম বাঁকড়া গ্রামে বিলের ধারে সালিস বসে। সালিসে ঠিক হয়, পূর্ব বাঁকড়া গ্রামের মানুষ বিদ্যুত্ বিল বাবদ আগামীকাল শনিবার ৩ হাজার ৩০০ টাকা পরিশোধ করবে। আজ রাত থেকে পূর্ব বাঁকড়া গ্রামে পানি সরবরাহ করা হবে। পরে সালিস শেষে উভয় পক্ষ বাড়ি ফিরে যাচ্ছিল।
তারা আরও জানায়, এ সালিস না মেনে শোভনালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সরদারসহ জুলফিকার সরদার, রহিম গাজী, আলমগীর সরদার, হাসান সরদারের নেতৃত্বে ২০-২৫ জন হঠাত্ করে দা, হাতুড়ি ও লাঠি নিয়ে পশ্চিম বাঁকড়া গ্রামবাসীর ওপর হামলা করেন। তাঁরা হাবিবুল্লাহ সরদারকে দা দিয়ে গলা কেটে ফেলেন। এ সময় ঠেকাতে এলে অন্যরা আহত হন। ঘটনার পরপরই সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিত্সক হাবিবুল্লাহ সরদারকে মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শোভনালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সরদার মোবাইল ফোনে প্রথম আলোকে জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন। কিন্তু কাউকে মারধর করেননি। কারা হাবিবুল্লাহকে খুন করেছে, প্রশ্ন করলে তিনি জামায়াত-বিএনপির কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, খাবার পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।