খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ ও শিক্ষকসংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জানুয়ারিতে কখন একবার মাংস খেয়েছি, মনে নেই। তারপর এ তিন মাসে কয়েকবার ডিম ছাড়া শুধু সবজি খেয়ে আছি।’ কথাগুলো বলছিল আলীকদম উপজাতীয় ছাত্রাবাসের অষ্টম শ্রেণীর ছাত্রী উখিংসাই মারমা। তার পাশে দাঁড়ানো সেমিতা ত্রিপুরাও বলেছে একই কথা। তাদের চেহারা দেখেই স্পষ্ট বোঝা যায় তারা পুষ্টিহীনতায় ভুগছে। খাবার সরবরাহে অনিয়ম-দুর্নীতি, শিক্ষকসংকট ও অব্যবস্থাপনার কারণে ছাত্রাবাসের ১৬০ জন আদিবাসী ছাত্রছাত্রীর আবাসিক বিদ্যালয়টি সংকটে রয়েছে বলে ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন। শিক্ষকেরাও পাঁচ-ছয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না বলে জানিয়েছেন।ছাত্রছাত্রীরা বলেছে, গত বছর খাবারের মান মোটামুটি ভালো ছিল। মাছ, মাংস ও ডিম চাহিদা মোতাবেক না হলেও খাওয়ানো হয়েছিল। চলতি বছরের জানুয়ারি থেকে সবজি ছাড়া কোনো কিছু দেওয়া হয় না। প্রধান শিক্ষককে বিষয়টি বলা হলে তিনি ঠিকাদারের বকেয়া বিলের কারণে খাবার সংগ্রহ কমিয়ে দেওয়ার কথা জানিয়ে থাকেন।পঞ্চম শ্রেণীর ছাত্রী মাম্যাচিং বলেছে, প্রতিদিন একই তরকারি দিয়ে ভাত খাওয়া যায় না। তারা তিন মাস ধরে কোনো রকমে জীবন রক্ষা করছে। দশম শ্রেণীর থোয়াইসানু মারমা, খগেশ্বর চাকমা বলেছে, জ্যেষ্ঠ শিক্ষক না থাকায় তাদের শ্রেণী কার্যক্রম হয় না। এ জন্য তারা পাঠক্রম অনুযায়ী পড়াশোনাও করতে পারছে না বলে জানিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীরা বলেছেন, পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও আবাসনব্যবস্থা না থাকায় ছাত্রছাত্রীরাসহ তাঁরা মানবিক সংকটে দিন যাপন করে থাকেন।জ্যেষ্ঠ এক শিক্ষক জানান, আবাসিক বিদ্যালয়ের পুকুরটি সংস্কার না হওয়ায় শুকনো মৌসুমে পানির তীব্র সংকট দেখা দেয়। পুকুর জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে এ সংকট দূর করা সম্ভব হবে না। খাবার সরবরাহকারী ঠিকাদার সৈয়দ নূর খাবার সরবরাহে অনিয়মের কথা অস্বীকার করে বলেছেন, তিনি তফসিল অনুযায়ী খাবার দিয়ে থাকেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কী খাওয়ায় তা তিনি জানেন না।আবাসিকের প্রধান শিক্ষক পিন্টু লাল বড়ুয়া বলেছেন, জানুয়ারি থেকে নয়, ফেব্রুয়ারি মাসে ঠিকাদারের বকেয়া বিল থাকায় খাবার সরবরাহে সমস্যা হয়েছিল। ঠিকাদার বিল পাওয়ার পর বর্তমানে আর কোনো সমস্যা নেই বলে তিনি জানান।