খাবার হোটেলে ছাত্রলীগের হামলা-ভাঙচুর, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরে গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় ধানসিঁড়ি নামে একটি খাবার হোটেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী লোকজন ও হোটেল কর্মচারীরা জানিয়েছেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদ হোসেন ওরফে সাকিব ছাত্রলীগের বেশ কিছু নেতা-কর্মীকে নিয়ে হোটেলে বসে মঙ্গলবার বিকেল থেকে দীর্ঘ সময় আড্ডা দেন। হোটেলের ক্ষতি হচ্ছে দেখে মালিকপক্ষ এর প্রতিবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় হোটেলের মালিক শাহ আলমকে (৪৪) মারধর করে চলে যান। পরে রাত আটটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে কয়েক দফা হামলা, ভাঙচুর চালিয়ে এক লাখ টাকা লুট করেন। এ সময় হোটেল কর্মচারী ও মালিকপক্ষের লোকজন ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়।
এ ঘটনায় খাবার হোটেলের মালিক শাহ আলম (৪৪), কর্মচারী সিন্টু (২৮), মো. রুবেল (২০), আবদুল হামিদ (২৭) ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব (২৭) আহত হন। সাকিবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধানসিঁড়ি হোটেলের মালিক প্রথম আলোকে বলেন, সাকিবের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়ে এক লাখ টাকা লুট করেন। সাকিব হোটেলের বাইরে গণপিটুনির শিকার হয়েছেন।
জানতে চাইলে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শেফায়েতুল কবির বলেন, ছাত্রলীগের নেতা-কর্মী ও হোটেলের মালিকপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে মাত্র। হামলা-ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন। তবে কথা-কাটাকাটির জের ধরে হোটেলের মালিকপক্ষ কিছু ছাত্রদল নেতা-কর্মীকে ভাড়া করে সাকিবের ওপর হামলা চালিয়েছে।