খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়িতে লুটপাট
যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে খাবারে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে লুটপাটের ঘটনা ঘটেছে।
গ্রামের পল্লি চিকিৎসক তাপস কুমার সরদারের বাড়িতে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে রাতের কোনো একসময় বাড়ির গ্রিল কেটে আট ভরি স্বর্ণালংকার, ১২ হাজার টাকা ও দুটি মুঠোফোনের সেট লুট করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তাপস কুমার সরদার (৩০), তাঁর মা অমেলা বালা (৭০), স্ত্রী মিষ্টি সরদার (২৬) ও মেয়ে সেঁজুতিকে (৫) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তাপসের মামা আশুতোষ বিশ্বাস বলেন, সন্ধ্যায় পর অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরের জানালা দিয়ে দুধ ও ভাতের মধ্যে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে খাবার খেয়ে বাড়ির লোকজন অচেতন হয়ে পড়লে গ্রিল কেটে লুটপাটের ঘটনা ঘটায়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চক্রটিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।