খাবারে বিষ মিশিয়ে চারটি গরু হত্যা!
বগুড়ার ধুনটে পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের খামারে গরুর খাবারে বিষ দিয়ে চারটি গরু মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।এলাকাবাসী জানান, উপজেলার শৈলমারী গ্রামের কৃষক রঞ্জু মিয়া দুই বছর আগে জমি বিক্রির টাকায় একটি গরুর খামার করেন। গরুর দুধ বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। সোমবার ভোরে ওই কৃষক প্রতি দিনের মতো গরুগুলো গোয়াল থেকে বের করে খাবার দেন। কিছুক্ষণ পর দেখতে পান তাঁর গরুর মুখ দিয়ে লালা বের হচ্ছে। প্রাথমিক চিকিৎসার আগেই চারটি গরু মারা যায়। আরেকটি গরু অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, কে বা কারা পূর্বশত্রুতার জের ধরে গো-খাদ্যে বিষ মিশিয়েছিল। এ বিষয়ে কৃষক রঞ্জু মিয়া বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।পল্লি পশু চিকিৎসক আবদুস সাত্তার বলেন, ‘সংবাদ পেয়ে আমি সেখানে যাওয়ার আগেই বিষক্রিয়ায় চারটি গরু মারা যায়। অসুস্থ একটি গরুকে আমি চিকিৎসা দিয়েছি। গরুর খাবারের সঙ্গে বিষের আলামত পাওয়া গেছে।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, চারটি গরুকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ পেয়েছি। অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।