খাবারে বিষক্রিয়া, ওষুধ কোম্পানির ৩০ কর্মী অসুস্থ
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার একটি ওষুধ কোম্পানির প্রায় ৩০ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।এর আগে গত মঙ্গলবার পচা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বিশ্বকাপে নিরাপত্তার দায়িত্বে থাকা শতাধিক পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা সংস্থার সদস্য। ওই ঘটনায় খাবার সরবরাহকারী ঠিকাদার ও রেস্তোরাঁর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল ধানমন্ডির ৩ নম্বর সড়কের ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অ্যালকো ফার্মাসিউটিক্যালস নামের একটি প্রতিষ্ঠানের বার্ষিক কর্মী সম্মেলন চলছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৭০০ কর্মী ওই সম্মেলনে যোগ দেন। দুপুরে ওই কনভেনশন সেন্টারের পক্ষ থেকে মধ্যাহ্নভোজে স্যুপ, ফ্রাইড রাইস, মুরগি ভাজা ইত্যাদি পরিবেশন করা হয়। সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ধানমন্ডির কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৩০ জন অসুস্থ হয়েছেন বলে জানা গেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন অসুস্থ কর্মী জানান, দুপুরের খাবার গ্রহণের কিছুক্ষণ পরই তিনি পেটে ব্যথা অনুভব করেন। কয়েকবার পাতলা পায়খানা ও বমি হয়। তিনি খুব দুর্বল হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। তবে ম্যারিয়ট কনভেনশন সেন্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের পরিবেশিত খাবার টাটকা ছিল। কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের অনেকে দূরদূরান্ত থেকে সারা রাত ভ্রমণ করে ভোরে এখানে এসেছেন। তাই তাঁরা এমনিতেই ক্লান্ত ছিলেন। গরমের কারণে তাঁদের পেটে এসব খাবার হজম হয়নি। প্রায় ৭০০ জনের খাবার সরবরাহ করা হয়েছিল। তাঁদের মধ্যে অল্প কয়েকজন অসুস্থ হয়েছেন বলে তাঁরা দাবি করেন।এ ব্যাপারে অ্যালকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।