খাবারের খোঁজে লোকালয়ে ‘বনরুই’
খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল এক ‘বনরুই’। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কলিরকোনা গ্রামে বিপন্ন প্রজাতির এই নিশাচর প্রাণীকে ধরে ফেলেছিল কৌতূহলী গ্রামবাসী। তবে প্রাণে রক্ষা পেয়েছে বনরুইটি। কোনো ক্ষতি হওয়ার আগেই বন বিভাগের লোকজন এটিকে উদ্ধার করেন। গতকাল শনিবার দুপুরে বনরুইটিকে সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, উপজেলার কলিরকোনা গ্রামের বাসিন্দা পল্লি চিকিৎসক রিন্টু দে গত শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় প্রায় দুই ফুট লম্বা একটি বনরুইকে তিনি রাস্তার পাশে দেখতে পান। একপর্যায়ে কৌতূহলী লোকজন সেটি দেখতে ভিড় জমায়। রিন্টু দে অন্যদের সহযোগিতায় বনরুইটিকে ধরে এনে তাঁর বাড়িতে রাখেন। খবর পেয়ে বন বিভাগের কুলাউড়া কার্যালয়ের বিশেষ টহল বাহিনীর লোকজন গতকাল সকালে বনরুইটিকে উদ্ধার করেন।বেলা একটার দিকে কুলাউড়া রেঞ্জের আওতাধীন হজরত শাহ সুন্দরের (রহ.) মাজারসংলগ্ন সংরক্ষিত বনে বনরুইটিকে অবমুক্ত করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী, টহল বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।স্থানীয় লোকজন জানায়, অনেক জায়গায় গ্রাম্য কবিরাজেরা বনরুই নিধন করে এর রক্তরস ও মাংস আগুনে পুড়িয়ে একধরনের ওষুধ তৈরি করেন। বাতের ব্যথার ওষুধ হিসেবে তাঁরা (কবিরাজ) লোকজনের কাছে চড়া দামে ওষুধটি বিক্রি করেন।