খাবারের জন্য হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরের চরমুগরিয়া বন্দর এলাকায় দেড় হাজার বানর বাস করে। চরমুগরিয়া ডিগ্রি কলেজের পাশে একটি খোলা জায়গায় শতাধিক বানরকে বসে থাকতে দেখা গেল। কোনোটি খুঁটে খুঁটে মাঠের ঘাস ছিঁড়ে খাচ্ছে, কোনোটি খাবারের জন্য হাহাকার করছে। খাবার না পেয়ে মায়ের সঙ্গে শিশুবানরগুলোও শীর্ণকায় হয়ে পড়েছে।চরমুগরিয়া এলাকার বাসিন্দা ও মাদারীপুরের নাজিমউদ্দিন কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ইমরান সাগর বলেন, খাবারের জন্য অসহায় বানরদের কষ্ট দেখলে যে কারও মায়া লাগবে।সামাজিক বন বিভাগ, ফরিদপুরের তত্ত্বাবধানে বানরদের খাবার দেওয়া কর্মসূচি তিন বছর চলার পর গত বছরের ৩০ জুন শেষ হয়। বানরদের খাবার ও পানি দেওয়ার জন্য যেসব ছাউনি রয়েছে, সেখানে আগের মতো খাবার দেওয়ার নির্ধারিত সময় বানরগুলো হাজির হয়ে চিৎকার-চেঁচামেচি জুড়ে দেয়।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নয় বর্গকিলোমিটার আয়তনের এ বন্দরে বানরেরা মানুষের পড়শির মতো। বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট এমনকি হাটেও তাদের অবাধ বিচরণ। চরমুগরিয়া বন্দর এলাকায় অনেক দর্শনার্থী বানর দেখতে আসে। সঙ্গে করে নিয়ে আসে মুড়ি, পাউরুটি, বিস্কুট, বাদামসহ বিভিন্ন খাবার। এ সময় খাবার নিয়ে বানরদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়।মাদারীপুর সামাজিক বন বিভাগ সূত্রে জানা গেছে, সরকারিভাবে ২০০৬ থেকে ২০০৯ সালের ৩০ জুন পর্যন্ত এখানকার বানরগুলোর জন্য প্রতিদিন ৫০ কেজি পাকা কলা, ১০ কেজি চিনা বাদাম ও ৩০ কেজি শসা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফরিদপুরের সামাজিক বন বিভাগের পক্ষ থেকে ঠিকাদারের মাধ্যমে বরাদ্দকৃত এ খাদ্য বানরের মধ্যে নিয়মিত বিতরণ করা হতো। এত দিন এ খাবার খেয়েই বানরগুলো জীবনধারণ করে আসছিল।জেলা সামাজিক বনায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, চরমুগরিয়া এলাকার দেড় হাজার বানর প্রায় অনাহারে দিন কাটাচ্ছে। বানরের খাবারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, কিন্তু এখনো তা অনুমোদন হয়ে আসেনি।জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) এ কে এস মাহবুবুর রহমান বলেন, ‘চরমুগরিয়ার বানরগুলোর খাবার-সংকটের বিষয়টি আমরা জানতে পেরে জেলা পরিষদের তহবিল থেকে সপ্তাহে দুই দিন খাবার সরবরাহ করছি। তবে সপ্তাহে মাত্র দুই দিন খাবার সরবরাহ এতগুলো বানরের জন্য যথেষ্ট নয়।’