খাবারের টাকা বাঁচিয়ে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁরা ছয়জন স্নাতকের (সম্মান) শিক্ষার্থী। দুপুরে খাবারের জন্য পরিবার থেকে টাকা পেতেন। ওই টাকা থেকে অল্প অল্প করে জমিয়েছিলেন। সেই জমানো টাকা দিয়ে আদিবাসী ২০০ শিশু, নারী ও পুরুষকে শীতবস্ত্র উপহার দিয়েছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের সরদারপাড়ায় গিয়ে শীতবস্ত্র তুলে দেন সেই ছয় শিক্ষার্থী। তাঁরা হলেন: ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী তানিয়া করিম, সাদিয়া ইসলাম, শাকিলা খাতুন ও লিমা বিশ্বাস এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ শাওন ও সোহাগ আহমেদ।

শিক্ষার্থীরা জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসার সময় বাবা-মা তাঁদের দুপুরে খাবারের জন্য যে টাকা দিতেন, সেই টাকা খরচ না করে ভালো কোনো কাজে খরচ করার জন্য তাঁরা টাকা জমাতে থাকেন।

তানিয়া করিম জানান, কিছুদিন আগে তিনি পতিরাজপুর গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই গ্রামের সরদারপাড়ায় খ্রিষ্টধর্মের অনুসারী আদিবাসীরা বসবাস করেন। আদিবাসীদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শীতবস্ত্রের অভাবে তাঁরা প্রচণ্ড কষ্টে আছেন। আজ পর্যন্ত সরকারি, বেসরকারি কোনো সাহায্য তাঁরা পাননি।

তানিয়া বলেন, বিষয়টি তিনি তাঁর বান্ধবী ও পরিচিতজনদের জানান। তাঁরা দেখেন, তাঁদের হাতে প্রায় ১০ হাজার সঞ্চয় হয়েছে। ওই টাকা দিয়ে তাঁরা বাজার থেকে ২০০ শীতবস্ত্র কেনেন। গতকাল সকালে তাঁরা প্রত্যন্ত ওই আদিবাসী পল্লিতে গিয়ে অপেক্ষাকৃত দরিদ্র-অসহায় বৃদ্ধ নারী-পুরুষ ও শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র পেয়ে সন্তোষ বিশ্বাস (৭০) বলেন, ‘আমরা খুব খুশি হয়েছি। এর আগে কেউ আমাদের কোনো শীতবস্ত্র দেয়নি।’