খাবারের দাম নিয়ে রেস্তোরাঁ ব্যবস্থাপককে মারধর করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের দাম কম দেওয়ার প্রতিবাদ করায় রাজধানীর চানখাঁরপুলে এক রেস্তোরাঁর ব্যবস্থাপককে মারধর করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে চানখাঁরপুলের আফতাব হোটেলে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) খলিলুর রহমান ও শহিদুল ইসলামসহ ছয় পুলিশ খেতে আসেন। তাঁদের খাবারের দাম হয় ৯৫০ টাকা, কিন্তু তাঁরা ৫০০ টাকা দিয়ে চলে যেতে চান। রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. মাসুম এর প্রতিবাদ করলে এক পুলিশ সদস্য তাঁকে চড় মারেন। একটি ইংরেজি দৈনিকের এক সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাঁকেও পুলিশ সদস্যরা লাঞ্ছিত করেন। রেস্তোরাঁর এক কর্মচারী সাংবাদিকদের জানান, ওই পুলিশ সদস্যরা নির্ধারিত বিলের চেয়ে অনেক কম দেন। এর প্রতিবাদ করতে গেলেই মারধর করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, তিনি এ ঘটনা শুনেছেন। ছয় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।