খাবারের প্লেটে কেঁচো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিলে খাবারের প্লেট৷ একটু পরেই তা থেকে ভাত মুখে পুরবেন এক ছাত্র। কিন্তু প্লেটে হাত দিতেই পাওয়া গেল একটি জীবিত কেঁচো।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান আবাসিক ছাত্রাবাসের ক্যানটিনে৷ গত সোমবার রাতের খাবার খাওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পাভেলের প্লেটে এ কেঁচো পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যানটিনে ভাঙচুর করে তালা লাগিয়ে দেন৷ এ সময় ক্যানটিনের ব্যবস্থাপক হেলাল উদ্দিন পালিয়ে যান৷ পরে ছাত্রাবাসের প্রাধ্যক্ষ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পোড়া তেল ও পচা সবজি ফেলে দেওয়ার নির্দেশ দেন। এ সময় যত দিন পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা না হবে, তত দিন পর্যন্ত ক্যানটিন বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।
িশক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করে আসছিল ওই ক্যানটিন কর্তৃপক্ষ। বারবার শিক্ষার্থীরা অভিযোগ করে এলেও তারা তাতে কর্ণপাত করেনি।
শিক্ষার্থীরা জানান, ভাত ও তরকারি রাখার পাত্র নিচে স্যাঁতসেঁতে জায়গায় রাখা হয়। স্যাঁতসেঁতে হওয়ায় সেখানে কেঁচো থাকে৷ তাঁদের ধারণা, ওখান থেকে কেঁচো কোনোভাবে ভাতের পাত্রে ঢুকে পড়ে। এ ব্যাপারে বক্তব্য জানতে ক্যানটিনের ব্যবস্থাপক হেলাল উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়৷
এ এফ রহমান আবাসিক ছাত্রাবাসের প্রাধ্যক্ষ এস এম মনিরুল হাসান বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার পরিবেশন করতে ক্যানটিন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যত দিন পর্যন্ত ক্যানটিনের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন না হবে, তত দিন পর্যন্ত ক্যানটিন বন্ধ থাকবে।