খাবারের বিল চাওয়ায় ছাত্রলীগ কর্মীর হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের বিল চাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ব্যবস্থাপককে মারধর ও ক্যাফেটেরিয়া বন্ধ করার হুমকি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মী। গতকাল বুধবার সবার সামনে ওই হুমকি দেওয়ার ঘটনা ঘটে৷
ক্যাফেটেরিয়ার কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কর্মী শিশির বাবু কয়েকজন সহযোগীকে নিয়ে ক্যাফেটেরিয়ায় খেতে যান৷ খাওয়া শেষ করে তাঁরা বিল না দিয়েই চলে যাচ্ছিলেন৷ এ সময় ক্যাফেটেরিয়ার ব্যবস্থাপক ফিরোজ আলম বিল পরিশোধের অনুরোধ করেন৷ শিশির বাবু তাঁকে বলেন, এরপর আবার টাকা চাইলে মারধর করে ক্যাফেটেরিয়া থেকে বের করে দেবেন এবং ক্যাফেটেরিয়া বন্ধ করে দেবেন৷
ফিরোজ আলম বলেন, ‘শিশির বাবু প্রায়ই সহযোগীদের নিয়ে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যান৷ বিল চাইতে গেলে কয়েকবার তিনি সহযোগীদের নিয়ে আমাকে ও কর্মচারীদের মারধর করতে এসেছেন এবং ক্যাফেটেরিয়া বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এভাবে চলতে থাকলে আমার পক্ষে ক্যাফেটেরিয়া চালানো সম্ভব হবে না।’
অভিযোগ অস্বীকার করে শিশির বাবু বলেন, ‘খাওয়া শেষে দুটির বেশি টিস্যু নেওয়ায় ফিরোজ আমার এক সহযোগীকে বাধা দেন৷ এ ব্যাপারে ফিরোজকে জিজ্ঞাসা করেছি মাত্র৷’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।