টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের ছাত্রীরা গতকাল মঙ্গলবার খাবারের মান উন্নয়ন, দাম কমানো, কর্মচারীদের দুর্ব্যবহার বন্ধ এবং ক্যাফেটারিয়া পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত তিন ঘণ্টার এ কর্মসূচির সময় তাঁরা কুমুদিনী হাসপাতালের প্রধান ফটক তালাবদ্ধ করে রাখেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।বেলা ১১টার দিকে ছাত্রীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাস্তায় বসে অবস্থান ধর্মঘট শুরু করেন। সাড়ে ১১টার দিকে কলেজের অধ্যাপক উদ্ভভ মল্লিক তাঁদের বুঝিয়ে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের চেষ্টা করেন। ছাত্রীরা দাবি আদায়ে স্লোগান দিতে থাকলে সে চেষ্টা ব্যর্থ হয়। দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের পরিচালক দুলাল চন্দ্র পোদ্দারের পুনরায় ধর্মঘট তুলে নেওয়ার চেষ্টাও ব্যর্থ হয়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগীর স্বজনেরা জরুরি প্রয়োজনে ভেতরে প্রবেশ করতে পারেননি। এ ছাড়া হাসপাতালের কোনো যানবাহন বাইরে যেতে পারেনি। হাসপাতালের ওষুধ সরবরাহ করতে আসা একটি ট্রাককেও ঘুরে যেতে হয়েছে।খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত রেহানা এবং মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনাস্থলে যান। তাঁরা ধর্মঘটের কারণ জেনে কুমুদিনী কর্তৃপক্ষকে ছাত্রীদের দাবি মেনে নিতে অনুরোধ করেন। পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে বেলা দুইটার দিকে কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র সরকার ছাত্রীদের কাছে এসে দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত জানান। সেখানে কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন। পরে কর্তৃপক্ষ ছাত্রীদের নিয়ে কুমুদিনী চত্বরের ঝাণ্ডা হলে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠকে কেবল খাবারের মান উন্নয়নের ঘোষণা দিলে ছাত্রীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। কর্তৃপক্ষ পুনরায় অন্যসব দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ছাত্রীরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।কলেজের অধ্যক্ষ বলেন, প্রতিটি প্রতিষ্ঠানেরই নিজস্ব কিছু নিয়ম আছে। ছাত্রীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে।