খামার ও বাড়িতে সন্ত্রাসীদের অগ্নিসংযোগ
নোয়াখালীর সদর উপজেলার এক নম্বর চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামে ৬০০ মুরগিসহ একটি খামার ও একটি বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে লক্ষ্মীপুরের সন্ত্রাসী দিদার বাহিনীর সদস্যরা।
গতকাল রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় আহত হয়েছেন বাবা-ছেলেসহ দুজন।
এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। দিদার বাহিনীর প্রতিপক্ষ লক্ষ্মীপুরের সৈয়দপুরের সোলেমানকে খুঁজতে এসে না পেয়ে ওই হামলা চালায় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে লক্ষ্মীপুরের সদর উপজেলার দিদার বাহিনীর সদস্যরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে নোয়াখালীর সদর উপজেলার ফাজিলপুরে হানা দেয়। স্থানীয় ব্যক্তিরা কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা ফাজিলুপুর গ্রামের ইদ্রিস বেপারির একটি মুরগির খামার এবং পার্শ্ববর্তী আলাউদ্দিনের বাড়ির একটি বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে ৬০০ মুরগিসহ খামার ও বসতঘরটি পুড়ে ছাই হয়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোরে তাঁরা ফজরের নামাজ পড়তে বের হয়ে সন্ত্রাসীদের ওই তাণ্ডব দেখে এগিয়ে আসতে চাইলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
স্থানীয় ইউপির সদস্য মো. খোকন জানান, একই সময় সন্ত্রাসীরা স্থানীয় আবদুল জলিলের চায়ের দোকানে হামলা-ভাঙচুর চালায় এবং আবদুল জলিল ও তাঁর ছেলেকে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, হামলাকারী দিদার বাহিনীর সঙ্গে একই এলাকার সন্ত্রাসী সোলেমানের বিরোধ রয়েছে। যার জের ধরে গতকাল সোলেমানকে খুঁজতে এসে না পেয়ে ওই তাণ্ডব চালায়। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।