খামার প্রকল্পের তহবিল ৯০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র তহবিল দাঁড়িয়েছে ৯০০ কোটি টাকায়। দেশের ১৭ হাজার গ্রাম সমিতি এই তহবিল ব্যবহার করছে। গ্রামীণ দারিদ্র্য কমাতে এই প্রকল্প বড় ভূমিকা রাখছে।গতকাল রোববার ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতির দু বছর’ শীর্ষক কর্মশালায় সরকারি কর্মকর্তারা এ কথা বলেন। রাজধানীর পল্লী ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, দারিদ্র্যের কারণে একসময় বরিশালের মানুষ ভিটেমাটি ছেড়ে পার্বত্য চট্টগ্রামে গিয়ে উঠেছিল। এখন সেই অবস্থা আর নেই। তিনি বলেন, ডেসটিনি, হল-মার্কসহ বিভিন্ন সংগঠন মানুষের হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পে’ সঞ্চয় বেহাত হওয়ার সুযোগ নেই। কারণ, কোনো সমস্যা দেখা দিলে গ্রাম আদালতে গিয়ে তার সমাধান পাওয়ার ব্যবস্থা আছে। প্রকল্পের পরিচালক প্রশান্ত কুমার রায় প্রকল্পের লক্ষ্যমাত্রা অর্জনের তথ্য তুলে ধরে বলেন, প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সব আর্থিক লেনদেন মুঠোফোন বা অনলাইন নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের কিছু দুর্বল দিকও তিনি তুলে ধরেন। এর মধ্যে আছে প্রশিক্ষণ ঠিকমতো না হওয়া, উপকারভোগী বাছাইয়ে জটিলতা এবং নজরদারির অভাব। এ ছাড়া সমিতির তহবিল থেকে নেওয়া ঋণ সবসময় আয়বর্ধক কাজে ব্যবহার করা হচ্ছে না। তিনি জানান, প্রকল্পের মেয়াদ ২০১৬ সাল পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আবদুল জলিল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম এ কাদের সরকার, সাবেক সচিব মিহির কান্তি মজুমদার প্রমুখ।