খামার মালিকদের আল্টিমেটাম
খামার রক্ষার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লেয়ার ও ব্রয়লার মুরগির বাচ্চা সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে। তা না হলে আগামী ১৮ জুলাই থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে পশ্চিমপাড়ে আসা সব বাচ্চা পারাপার বন্ধ করে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, সিরাজগঞ্জ জেলা শাখার কর্মকর্তারা এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম ঘোষণা করেছেন। শহরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম ফরিদ। তিনি উল্লেখ করেন, গত ৩১ মে মৎস্য ও প্রাণিসম্পদ সচিবালয়ে বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও হ্যাচারির মালিক ও নেতাদের সঙ্গে মুরগির বাচ্চা ও ডিমের মূল্য নির্ধারণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভা হয়। সভায় একদিনের লেয়ার মুরগির বাচ্চা ৩২ টাকা ও ব্রয়লারের বাচ্চা ৩০ টাকা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। একই সঙ্গে বিক্রয় মূল্য কার্টনের ওপর লেখার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত গত ১৫ জুন থেকে কার্যকরের বিষয়ে আলোচনা হয়। কিন্তু সরকারি এই সিদ্ধান্ত অমান্য করে বাচ্চা উৎপাদনকারী হ্যাচারি প্রতিষ্ঠানগুলো প্রতিটি বাচ্চা বর্তমানে ৭০ টাকায় বিক্রি করছে। কার্টনের গায়ে মূল্যও লিখছে না তারা। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আকমল হোসেন বলেন, লোকসানের কারণে এই শিল্পের সঙ্গে জড়িত এলাকার প্রায় পাঁচ হাজার খামার বন্ধ হতে চলেছে। ইতিমধ্যে অনেক খামার বন্ধ হয়ে গেছে। রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, এক দিন বয়সী মুরগির বাচ্চা ও খাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিপণন সমস্যা ও বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রাসী নীতির প্রতিবাদে গতকাল লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সমবায় সমিতি মিলনায়তনে খামারিরা প্রতিবাদ সমাবেশ করেছেন।