খামারবাড়িতে কৃষি প্রদর্শনী কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খামারবাড়িতে স্থাপিত বাংলাদেশের প্রথম জাতীয় কৃষি প্রদর্শন কেন্দ্র
খামারবাড়িতে স্থাপিত বাংলাদেশের প্রথম জাতীয় কৃষি প্রদর্শন কেন্দ্র

বাংলাদেশের কৃষি প্রযুক্তিগুলো দেখতে চান? জানতে চান বাংলাদেশের কৃষির ইতিহাস-ঐতিহ্য ও ধারাবাহিক বিবর্তন? এসব আগ্রহ মেটাবে জাতীয় কৃষি প্রদর্শনী কেন্দ্র। আজ বুধবার এই কেন্দ্রের উদ্বোধন করা হবে। এরপর থেকে এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
রাজধানী ঢাকায় যেসব শিশু-কিশোর বেড়ে উঠেছে, তাদের অনেকেই জানে না ফসলের জীবন চক্র। ধানবীজ থেকে কীভাবে চারা হয়, সেই চারা কী করে রোপণ করা হয়, সেসব তাদের অজানা। খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে জাতীয় এই কেন্দ্রে এসে এ সবই জানা যাবে।
আয়োজকেরা জানালেন, বাংলাদেশে এই প্রথম এমন জাতীয় কৃষি প্রদর্শনী কেন্দ্র করা হলো। জাতীয় কৃষি জাদুঘর প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই কৃষি প্রদর্শনী কেন্দ্র। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে তাদের জন্য বিশেষ আয়োজনও করবে এই কেন্দ্র।
কৃষিবিজ্ঞানীরা জানান, ঐতিহাসিক কাল থেকে কৃষি বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে কৃষিতে বাংলাদেশের অগ্রগতি অনেক। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষির এই ইতিহাস-ঐতিহ্য ধরে রাখা এবং তা প্রদর্শনের জন্যই এই কেন্দ্র।
কৃষি গবেষণা কাউন্সিল চত্বরে অবস্থিত দুই তলাবিশিষ্ট জাতীয় এই কৃষি প্রদর্শনী কেন্দ্রটির মোট আয়তন ৪ হাজার ৪০০ বর্গফুট। নিচতলায় আছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত (এনএআরএস) গবেষণা প্রতিষ্ঠানসহ মোট ১৩টি প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, উত্পাদিত দ্রব্য, গবেষণাসহ বিভিন্ন ধরনের কৃষিবিষয়ক প্রকাশনা। দ্বিতীয় তলায় আঙুলের ছোঁয়ায় ও টেলিভিশন প্রদর্শনীর মাধ্যমে কৃষির ইতিহাস, ঐতিহ্য, ধারাবাহিক বিবর্তন, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান এবং জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের পরিচিতি ও গবেষণা কর্মকাণ্ড জানা যাবে।
এ ছাড়া, জাতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত, কৃষি যন্ত্রপাতিসহ কৃষি প্রযুক্তি-তথ্যের ডিজিটাল ফর্মে প্রদর্শনের ব্যবস্থা আছে। কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক উদ্ভাবিত সম্ভাবনাময় প্রযুক্তির ভিডিও, ভেজাল সার চেনা, মাটির মায়া, সঠিক মাত্রায় জমিতে সার প্রয়োগ, ভাসমান কৃষি পদ্ধতিতে ফসল চাষ ইত্যাদি সম্পর্কিত নানা ভিডিও প্রদর্শনের ব্যবস্থা আছে এই কেন্দ্র।
কেন এ ধরনের জাতীয় কেন্দ্র করার উদ্যোগ নেওয়া হলো জানতে চাইলে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পরিচালক আবেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, অনেক দিন ধরেই জাতীয় কৃষি জাদুঘর স্থাপনের প্রচেষ্টা চলছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন দেশে এ ধরনের স্থাপনা পরিদর্শন করা হয়। এরপর এ-সম্পর্কিত অভিজ্ঞতার আলোকে এ-জাতীয় কৃষি প্রদর্শনী কেন্দ্রটি করা হয়েছে।
আয়োজকেরা আশা করছেন, জাতীয় এই কেন্দ্রটি পরিদর্শনের মাধ্যমে গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী ও শিক্ষার্থীরা এর মাধ্যমে উপকৃত হবেন। বিভিন্ন স্কুলে কলেজের ছেলেরা এসে ধান, পাট, গমসহ নানা জাতের উদ্ভাবিত বীজ দেখতে পারবেন। রেশম থেকে উৎপাদিত শাড়ি, পাটজাতীয় বিভিন্ন পণ্যও আছে এখানে। দেশের মানুষের পাশাপাশি বিদেশ থেকে আগত সরকারি প্রতিনিধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের কৃষি তথা কৃষি গবেষণা ও উন্নয়ন বিষয়ে ধারণা লাভ করতে পারবেন। আয়োজকেরা জানান, কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ এই কেন্দ্রটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ।