খামারবাড়ির বহু বছরের পুরোনো ভবন ভেঙে ফেলা হচ্ছে

আট দিন ধরে ১৩ জন শ্রমিক দিনভর কাজ করছেন। বড় বড় হাতুড়ি, ছেনি দিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন বহু বছরের পুরোনো ভবনের স্তম্ভ, দেয়াল, উঁচু সিলিং আর মেঝে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনের নতুন ভবনের পাশেই এত বছর টিকে ছিল ইনস্টিটিউশনের পুরোনো দোতলা সাদা ভবনটি। দেড় কাঠা জমির ওপর ভবনটিকে ঘিরে রয়েছে এক একর পরিমাণ ফাঁকা জায়গা।
এক প্রবীণ কৃষিবিদ প্রথম আলোকে বলেন, ব্রিটিশ আমলে খামারবাড়ির এই ভবনটি গড়ে তোলা হয়েছিল। এই ভবনটি ফার্মগেটের সর্বশেষ স্মারক হিসেবে বিবেচিত। ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে মণিপুরিপাড়া-সংলগ্ন খেজুরবাগান পর্যন্ত এ ধরনের ১৮টি ছোট ভবন ছিল এখানে।
কৃষিবিদ ইনস্টিটিউশনের বেশ কয়েকজন প্রবীণ সদস্য ঢাকা শহরের কৃষি-বিষয়ক ভবনের শেষ স্মারক এই ভবনটিকে সর্বশেষ ঐতিহ্য হিসেবে সংরক্ষণের প্রস্তাবও দিয়েছিলেন। কেউ কেউ ভবনটি সংস্কার করে তা কৃষি জাদুঘর করারও প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তা মানেনি।
বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী প্রথম আলোকে বলেন, ভবনটি ভেঙে এখানে মেলা, সমাবেশ আয়োজন করার জন্য পুরো জায়গাটাকে উন্মুক্ত স্থান করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা গণপূর্ত অধিদপ্তরের অনুমতি নিয়ে ভাঙার কাজ শুরু করেছি। সেখানে পুরো এক একর জমি দেওয়া হয়েছে। এটা ঠিক, ভবনটি অনেক পুরোনো। অনেকে মতামত দিয়েছিল এটাকে কৃষি জাদুঘর বা সংরক্ষণের জন্য। তবে আমরা এটাকে প্রয়োজনে খোলা জায়গা হিসেবে ব্যবহার করব।’
প্রত্নতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভবনটির স্থাপত্য নকশা ও নির্মাণকৌশল দেখে মনে হয়েছে শতবর্ষী এই ভবনটি ব্রিটিশ আমলের। সরকারের ভবনটি ভেঙে না ফেলে সংরক্ষণ করা উচিত। পুরাকীর্তি আইন লঙ্ঘন করে ভবনটি ভাঙা হচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ১৯৩৭ সালে শেরেবাংলা কৃষি কলেজ প্রতিষ্ঠা করা হয়। ওই সময় এই ভবনটি মণিপুর ফার্ম হাউস হিসেবে ব্যবহার করা হতো। কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এই ভবনে বাস করতেন। ১৯৮১ সাল থেকে এটি কৃষিবিদ ইনস্টিটিউশনের কার্যালয় ছিল। ২০১৩ সালে কৃষিবিদ ইনস্টিটিউশন নতুন ভবনে স্থানান্তরের পর ভবনটি পরিত্যক্ত হয়। তিনি বলেন, সব সংস্থার অনাপত্তি নিয়েই ভবনটি ভাঙা হচ্ছে।
গত শনিবার খামারবাড়ি গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে পুরোনো ভবনটি ভেঙে ফেলার কাজ। দোতলার পুরো অংশটিরই ভাঙা প্রায় শেষ। দোতলার সামনের বারান্দা, ঘর, দরজা, জানালার কিছুই অবশিষ্ট নেই। এক শ্রমিক বললেন, ঈদের আগেই নিচতলাও ভাঙা শেষ হয়ে যাবে।
ভবন ভাঙার দায়িত্বে ঠিকাদার মোহাম্মদ জসীম বললেন, গত ২৮ আগস্ট থেকে এই ভবন ভাঙার কাজ শুরু হয়েছে। মোট ১৩ জন শ্রমিক প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পুরোনো এই ভবন গুঁড়িয়ে দেওয়ার কাজ করছেন। ঈদের আগেই পুরো ভবনটি ভেঙে ফেলার কাজ শেষ হবে।
ভবন ভাঙায় কর্মরত এক শ্রমিক বললেন, এখানে ফাঁকা জায়গা করা হবে। পাশের কৃষিবিদ ইনস্টিটিউশনের নতুন ভবনে আসা অতিথিদের গাড়ি রাখতে সমস্যা হয়। তাই এই জায়গাটি অতিথিদের গাড়ি রাখতে ব্যবহৃত হবে।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ওইখানে পুরোনো ভবন ছিল। নতুন ভবন হওয়ার পর তা আর ব্যবহার করা হয় না।’ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (ঢাকা বিভাগ) রাখী রায় প্রথম আলোকে বলেন, ওইখানে ভবনটি পুরোনো। তবে বহু আগেই তা নতুন করে সংস্কার করা হয়েছে।
নগরের ঐতিহ্য নিয়ে কাজ করে আরবান স্টাডি গ্রুপ। এর পরিচালক স্থপতি তৈমুর ইসলাম বলেন, ভবনটি যে অনেক পুরোনো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার ব্যক্তিমালিকানাধীন ভবন সংরক্ষণের তালিকা করেছে, সংরক্ষণের কথা বলছে। কিন্তু সরকারি যেসব ভবন পুরোনো সেগুলোও সংরক্ষণ করা উচিত।