খামারিদের দুধ ক্রয়ে মিল্ক ভিটার অনীহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) দুগ্ধ শীতলীকরণ কারখানা ঘন ঘন খামারিদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ রাখায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন খামারিরা। এতে খামারিরা দুধ উত্পাদনে নিরুত্সাহিত হয়ে পড়ছেন। গত দুই মাসে কর্তৃপক্ষ নানা অজুহাতে সাত-আট দিন খামারিদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ রাখেন।খামারিরা অভিযোগ করেন, মিল্ক ভিটা তাদের যে স্বপ্ন দেখিয়েছে তার ধারেকাছেও এখন তারা নেই। তাঁদের বলা হয়েছিল, মিল্ক ভিটার পক্ষ থেকে বিনা মূল্যে গরু-মহিষের চিকিত্সাসেবা, সমিতির সদস্যদের প্রশিক্ষণ, ঘাস চাষের জন্য জমি বন্দোবস্তের ব্যবস্থা, কম দামে গোখাদ্য সরবরাহ এবং দুধের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। কিন্তু তা না করে শুরুর দিকের পাঁচ হাজার লিটার পর্যন্ত দুধ সংগ্রহের লক্ষ্যমাত্রা এখন দুই হাজার লিটারে নামিয়ে আনা হয়েছে। এর পরও নানা অজুহাতে প্রতিমাসে গড়ে চার-পাঁচ দিন দুধ নেওয়া বন্ধ থাকে। কারখানা সূত্রে জানা গেছে, নানা কারণে বর্তমানে সমিতির সংখ্যা ৩৫ থেকে ২৬টিতে নেমেছে। আর সদস্য (খামারি) সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় শ জনে। বর্তমানে প্রতিদিন গড়ে এক হাজার ৮০০ থেকে দুই হাজার লিটার দুধ সংগ্রহ করা হয়। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত দুই মাসে সাত-আট দিন খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করা হয়নি।চরবাটা হাফিজিয়া প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতির ব্যবস্থাপক আবদুল মালেক জানান, মিল্ক ভিটা কর্তৃপক্ষ তাঁদের কোনো কথাই রাখেননি। অনেক স্বপ্ন দেখানো হলেও তাঁরা কিছুই পাননি। এ কারণে ইতিমধ্যে সমিতির সংখ্যা ৩৫ থেকে ২৬টিতে নেমে এসেছে। এসব সমিতির কাছ থেকেও ঠিকমতো দুধ নেওয়া হয় না। ওপরের নির্দেশের কথা বলে হঠাত্ হঠাত্ দুধ নেওয়া বন্ধ রাখা হয়। কারখানা দুধ না নিলে বাধ্য হয়ে তা নামমাত্র মূল্যে স্থানীয় বাজারে বিক্রি করতে হয়।কারখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম গত বুধবার জানান, আগে যেভাবে সুযোগ-সুবিধা দেওয়া হতো এখনো সেভাবে দেওয়া হচ্ছে। খামারিদের প্রশিক্ষণ, বিনামূল্যে ওষুধ সরবরাহ ও কম দামে গোখাদ্য সরবরাহসহ কিছু সুবিধা এখানে আগে থেকেই পুরোপুরি চালু করা হয়নি। ঘন ঘন দুধ নেওয়া বন্ধ রাখা প্রসঙ্গে তিনি বলেন, কর্তৃপক্ষ যখন তাঁকে যে নির্দেশ দেন, তা পালনে তিনি বাধ্য।