খামারিদের হাহাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টানা অবরোধ আর রাজনৈতিক সহিংসতায় চরম সংকটে পড়েছে জয়পুরহাটের পোলট্রিশিল্প। ২৫ দিনের অবরোধে পরিবহন বন্ধ থাকায় ডিম ও মুরগির দাম পড়ে গেছে। এ কারণে হাহাকার চলছে খামারিদের।
খামারমালিক ও ব্যবসায়ীরা বলছেন, অবরোধে জয়পুরহাটের পোলট্রি খামার খাতের লোকজন ৩০০ থেকে ৪০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। দেশে পোলট্রিশিল্পে দ্বিতীয় অবস্থানে এই জেলা। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই খাত ধ্বংস হয়ে যাবে।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, জয়পুরহাটে নিবন্ধিত পোলট্রি খামারের সংখ্যা আড়াই হাজার। নিবন্ধন ছাড়া রয়েছে আরও প্রায় চার হাজার খামার। অবশ্য ব্যবসায়ীরা বলছেন, জেলার পাঁচটি উপজেলায় ছোট-বড় মিলে নয় থেকে দশ হাজার খামার রয়েছে। এসব খামারকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে ২৬টি হ্যাচারি, মুরগির ওষুধের ১৫০ থেকে ২০০ দোকান, মুরগির খাদ্য তৈরির ছয়টি কারখানা। সব মিলে এই খাতের সঙ্গে জড়িত এক লাখ মানুষ। তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। কারণ, এই খাত ধ্বংস হলে তাঁরা বেকার হয়ে পড়বেন।
গত বৃহস্পতিবার জয়পুরহাট শহর থেকে চারমাথা হয়ে জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে যেতে সড়কের দুই পাশে চার-পাঁচতলা অনেক বাড়ি চোখে পড়ল। এগুলো সব মুরগির খামার। একেকটি খামারে হাজার হাজার মুরগি। কক কক শব্দে মনে হয় এ যেন তাদের রাজ্য।
জেলার বৃহত্তম খামার হিসেবে পরিচিত শেফালী, সাহারা ও এসএসবি পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রাইভেট লিমিটেড। তিন ভাই ২৪ বিঘা জমিতে এই খামার করেছেন। খামারে তিনটি ছয়তলা ভবন। খামারে ঢুকলে শেফালী পোলট্রির চেয়ারম্যান ছাইফুল ইসলাম আফসোস করে বলেন, ‘ডিসেম্বরে বনভোজন, বড় বড় অনুষ্ঠান ও বিয়ে হয়। তাই এ সময় ডিম-মুরগির প্রচুর চাহিদা থাকে। কিন্তু টানা অবরোধে সর্বস্বান্ত হয়ে গেছি। ব্যাংকে আমার পাঁচ কোটি টাকার ঋণ। গত এক মাসে আমার অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এভাবে হরতাল-অবরোধ চললে আমরা শেষ হয়ে যাব।’
খামারমালিকেরা জানান, একেকটি বড় খামারে ৩০-৪০ হাজার মুরগি থাকে। প্রতিদিন এসব খামারে ২৫-৩০ হাজার ডিম উৎপাদিত হয়। আগে প্রতিটি ডিম আট টাকা ৭০ পয়সা করে বিক্রি হলেও অবরোধের মধ্যে একেকটি ডিম ছয় টাকায় বিক্রি হয়েছে। অথচ একটি ডিমের উৎপাদন খরচই সাত টাকা। মুরগির বাচ্চা তৈরির জন্য হ্যাচারিতে যে ডিম আগে ১৬ টাকায় বিক্রি হয়েছে, অবরোধে তা আট টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন খামারিরা। এ ছাড়া ঢাকায় যে সোনালি মুরগি যায়, সেগুলোর এক কেজি উৎপাদনে খরচ হয় ১৮৫ টাকা। এগুলো আগে কেজি ২২০-২৩০ টাকা দরে পাইকারি বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।
জয়পুরহাট সদরের লিয়া পোলট্রি খামার অ্যান্ড রিলায়েন্স হ্যাচারির মালিক বেলায়েত হোসেন বলেন, ‘গত এক মাসে আমার ৩৫ লাখ টাকা লোকসান হয়েছে। সব খামারের মালিকেরই এক অবস্থা।’
আক্কেলপুর উপজেলা সদরের মুয়াজ ট্রেডিংয়ের মালিক রবিউল হাসান বলেন, ‘আমার দুই হাজার ২০০ মুরগি রয়েছে। টানা অবরোধে আমার ৭০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আরও লোকসানের ভয়ে খামার বন্ধ রেখেছি।’ একই রকম তথ্য জানিয়ে আক্কেলপুরের স্বপন খামারের মালিক বেলাল হোসেন বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব বন্ধ রাখব।’
জেলা বণিক সমিতির নির্বাহী সদস্য ও জয়পুরহাটের মণ্ডল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হক বলেন, পোলট্রি খাতে দেশে সবচেয়ে বেশি বিনিয়োগ এখন জয়পুরহাটে। এখানে আট থেকে নয় হাজার কোটি টাকার বিনিয়োগ আছে। জেলায় মুরগির যে খাদ্য কারখানা রয়েছে, হরতাল-অবরোধের কারণে তারা কাঁচামাল আনতে পারেনি। এই খাতে জড়িত সবাই সংকটে আছেন। কারণ, ছোট-বড় খামারিরা ব্যাংকঋণ নিয়ে এই খাতে নেমেছেন। এখন লোকসানে পড়া খামারিরা সেই ঋণ কীভাবে শোধ করবেন, সেই দুঃশ্চিন্তায় আছেন। অনেকে খামার বন্ধ করে দিয়েছেন।
জেলা বণিক সমিতির সাবেক সভাপতি বেলায়েত হোসেন বলেন, ‘আমরা চাই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। নইলে আমরা শেষ হয়ে যাব।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আ ফ ম শফিউল আলম প্রথম আলোকে বলেন, গাজীপুরের পর জয়পুরহাট পোলট্রিশিল্পে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অবরোধ-হরতালে পরিবহন বন্ধ থাকায় জেলার মুরগি-ডিম অন্য কোথাও যেতে পারে না। এতে দাম কমে যাওয়ায় খামারিরা লোকসান গুনছেন। অবশ্য অবরোধ-হরতাল না থাকায় এখন বাজার একটু ঊর্ধ্বমুখী। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারও স্বাভাবিক হয়ে যাবে।