খামারে অগ্নিসংযোগ ও কয়েকটি বাড়িতে ভাঙচুর-লুটপাট
কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে গত শনিবার রাতে একটি ডেইরি খামারে অগ্নিসংযোগ এবং কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই দিন রাত ১০টার দিকে শাহপুর গ্রামের দেলোয়ার হোসেনের ডেইরি খামারের খড়ের গাদায় অগ্নিসংযোগ করে চারটি গরু নিয়ে যায় এবং তিনটি গরু কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া, তাঁর ছোট ভাই ছালে ছহর এবং আবদুল মালেক, মরিয়ম বেগম, শহিদ মিয়া, হাসান আলীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ছাড়া তারা মমতাজ উদ্দিন বেপারীর রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মমতাজ উদ্দিন বেপারীর স্ত্রী জামেলা খাতুন (৬০) জানান, হামলাকারীরা তাঁর গলার চার ভরি ওজনের স্বর্ণের চেইন এবং তাঁর মেয়ে সাহিদা খাতুনের (২৫) তিন ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া বলেন, তাঁর চাচাতো ভাই শাহ আলমের লোকজন এই ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এ সময় তাঁর পক্ষের নাজমুল, শাওন ও হান্নান প্রতিপক্ষের গুলিতে গুলিবিদ্ধ হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে শাহ আলম বলেন, তাঁর পক্ষের লোকজন কোনো অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়নি। যাঁদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে তাঁরা তাঁর (শাহ আলম) পক্ষের লোক। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।