খামারে আগুন, পুড়ে মারা গেছে নয়টি গবাদিপশু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক কৃষকের পরিবারিক খামারে আগুন লেগে নয়টি গবাদিপশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া খামারের টিনের তৈরি তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চরপাচুরিয়া গ্রামে।
ওই গ্রামের কৃষক আরশাদ আলী শেখ বলেন, বাড়ির পাশে টিনের ছোট ছোট তিনটি দোচালা ঘরে ১০টি গরু ও ১০টি ছাগল নিয়ে খামার গড়ে তোলেন তিনি। বৃহস্পতিবার রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। রাত সোয়া একটার দিকে মানুষের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখতে পান খামারের চারপাশে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে একটি ঘর থেকে কোনো গবাদিপশু বের করতে পারেনি।
এর ফলে ওই ঘরে থাকা চারটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। পাশের ঘর থেকে বাকি ছয়টি গরু বের করতে পারলেও একটির শরীরের কিছু অংশ ঝলসে গেছে।
এ ছাড়া আরেকটি ঘরে থাকা পাঁচটি ছাগল বের করতে না পারায় সেগুলোও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এলাকার লোকজন মিলে আগুন নেভানোর কাজ শুরু করলেও তিনটি ঘরের চারপাশে পাটখড়ির বেড়া থাকায় আধঘণ্টার মধ্যে ঘরগুলো পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে তাঁর ছেলে আনোয়ার হোসেনের শরীরের কিছু অংশ ঝলসে যায়।
আরশাদ আলী আরও বলেন, ছেলেদের দেওয়া ও নিজের টাকা দিয়ে যৌথভাবে খামারটি গড়ে তোলেন। মারা যাওয়া চারটি গরু প্রায় ছয় মাস আগে সাড়ে তিন লাখ টাকায় কিনেছিলেন। খামারে কোনো বিদ্যুতের সংযোগ ছিল না। কোনো কুপি বা কয়েলও জ্বালানো ছিল না। কিন্তু কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারছেন না। তাঁর ধারণা, এটা নাশকতা ছাড়া আর কিছুই নয়।
তবে এলাকার কয়েকজন বলেন, ওই ঘরে কয়েল জ্বালোনো ছিল। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম এবং গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবীব, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
গতকাল শুক্রবার ওসি মির্জা আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।