খামারে ঝোলানো বিদ্যুতের তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু
বনবিড়াল তাড়াতে মুরগির খামারের চারপাশে ঝুলিয়ে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হচ্ছে গ্রামের সূর্য শেখের ছেলে নিশান (৮) ও ওয়াদুদ বিশ্বাসের ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র তুহিন (৯)।গতকাল রোববার ভোরে এই দুই শিশু বাড়ির পাশে গাছের নিচে আমড়া কুড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় খামারমালিক তপু বিশ্বাসের স্ত্রী সোহেলী আক্তারকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দামুকদিয়া গ্রামের তপু বিশ্বাস বাড়ির একটি ঘরে মুরগি পালেন। বনবিড়ালের আক্রমণ থেকে মুরগি রক্ষা করার জন্য সেই ঘরের চারপাশে খুঁটি পুঁতে বিদ্যুতের তার ঝুলিয়ে রাখা হয়েছে। রোববার ভোর ছয়টার দিকে নিশান ও তুহিন গাছের নিচে আমড়া কুড়াতে আসে। এ সময় তারা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে প্রতিবেশীরা দুই শিশুর লাশ উদ্ধার করে।নিশানের বাবা সূর্য শেখ বলেন, এটা হত্যাকাণ্ড। এভাবে বিড়াল-শিয়াল তাড়ানোর জন্য কেউ বিদ্যুতের তার ঝুলিয়ে রাখে না। তিনি এ ঘটনায় খামারমালিক তপু বিশ্বাস ও তাঁর স্ত্রী সোহেলী আক্তারকে আসামি করে শৈলকুপা থানায় মামলা করেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মামলার এক আসামিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।