খামারে রোগ, প্রাণিসম্পদ বিভাগ উদাসীন
মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে মুরগি। খামারিরা এ জন্য প্রাণিসম্পদ বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন। গত এক মাসে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় পাঁচ হাজার মুরগি। জেলার ছোট-বড় প্রায় দুই হাজার ৬০০ পোলট্রি খামারের মালিক আতঙ্কে রয়েছেন। প্রতি হালি ডিম ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। পোলট্রি খামারের মালিকদের অভিযোগ, জেলা প্রাণিসম্পদ বিভাগের অসহযোগিতা, দুর্নীতি ও বার্ড ফ্লুর কারণে প্রায় ৩০০ ছোট-বড় খামার বন্ধ হয়ে গেছে। প্রতিদিন বিভিন্ন খামারে মুরগি নানা রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসার জন্য প্রাণিসম্পদকে খবর দিলে পাওয়া যায় না। পশু হাসপাতালে গেলে বলা হয় ভ্যাকসিন নেই। সিরাজ পোলট্রি খামারের মালিক সিরাজুল রহিম জানান, তাঁর খামারের মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়। প্রাণিসম্পদ বিভাগ কোনো পরীক্ষা ছাড়াই বার্ড ফ্লু আক্রান্ত বলে ৯০০ মুরগি ধ্বংস করে। একই দিনে পাশের আরও তিনটি খামারের প্রায় দুই হাজার মুরগি ধ্বংস করে দেয়। স্বজন পোলট্রি খামারের মালিক জেলা পোলট্রিশিল্প খামার মালিক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম জানান, জেলা প্রাণিসম্পদের দেওয়া ত্রুটিপূর্ণ ভ্যাকসিন খেয়ে বিভিন্ন খামারের মুরগি নানা রোগে আক্রান্ত হচ্ছে। কিন্তু প্রাণিসম্পদ বিভাগকে অভিযোগ করলে বলছে, মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এভাবে তাঁর খামারের দুই হাজার ৩০০ মুরগি ধ্বংস করা হয়েছে। খামারিরা প্রাণিসম্পদ বিভাগের এমন কার্যক্রমকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার মামুন পোলট্রি খামারের মালিক মামুনুর রহমান জানান, পশু হাসপাতালে অযত্নে রাখা হয় ভ্যাকসিন। সঠিক তাপমাত্রার অভাবে ভ্যাকসিনের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। এমন ত্রুটিপূর্ণ ভ্যাকসিনের কারণেই মুরগি কলেরাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। আর প্রাণিসম্পদ বিভাগকে খবর দিলেই আক্রান্ত মুরগির বার্ড ফ্লু বলে ধ্বংস করে দিচ্ছে। খামারিদের অভিযোগ, বার্ড ফ্লু প্রতিরোধে খামারিদের করণীয় সম্পর্কে প্রশিক্ষিত করতে সরকারিভাবে কর্মশালা হয়। কিন্তু মেহেরপুরে এমন প্রশিক্ষণ হয় না। জেলা পোলট্রিশিল্প খামার মালিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান অভিযোগ করেন, সম্প্রতি বার্ড ফ্লু প্রতিরোধে খামারিদের করণীয় শীর্ষক জেলার বৃহৎ ১০০ খামারির অংশগ্রহণে চার দিনের একটি কর্মশালা হওয়ার কথা ছিল। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য দুই বেলা ভালো খাবার ও দুই হাজার টাকা সম্মানী বরাদ্দ ছিল। কিন্তু এই কর্মশালায় কোনো খামারিকে আমন্ত্রণ করা হয়নি। কিছু ভুয়া খামারির নাম তালিকাভুক্ত করে স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ কর্মশালার পুরো অর্থ আত্মসাৎ করেছে। এর প্রতিবাদে খামারিরা জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণ দাবি করে ২৭ মার্চ শহরে মিছিল করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ডিসির কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তপেনেশ্বর রায় জানান, বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মুরগি মারা গেছে। ভ্যাকসিন সংরক্ষণে কিছু ত্রুটি আছে। কিন্তু পশু হাসপাতালে ভ্যাকসিনের অভাব নেই। বার্ড ফ্লু প্রতিরোধে খামারিদের করণীয় শীর্ষক একটি কর্মশালা নিয়ে খামারিরা দুর্নীতির অভিযোগ করেছেন, তা তদন্ত করা হচ্ছে। তবে জনবল কম হওয়ায় খামারিদের সব সহযোগিতায় সাড়া দেওয়া যায় না।