খামারের গরু শামিয়ানার নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় গরু পালন কম হওয়ায় এবার কোরবানির গরুর সংখ্যা বেশ কম। অন্যান্য বছর ঢাকাসহ দেশের বিভিন্ন কোরবানির হাটে এই দুই উপজেলা থেকে অন্তত ২৫ হাজার গরু গেলেও এবার এ সংখ্যা ১৫ হাজারের বেশি হবে না।গোখাদ্যের অগ্নিমূল্য, গত বছরের অ্যানথ্রাক্সের প্রভাবসহ নানা কারণে এবার দুই উপজেলায় গরু পালন কম হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে গরু ব্যবসায়ীরা ইতিমধ্যে দুই উপজেলার বাড়ি বাড়ি ঘুরে গৃহস্থ ও খামারিদের কাছ থেকে গরু কেনা শুরু করেছেন। গরুর সংখ্যা কম হওয়ায় গতবারের তুলনায় এবার গরু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে বলে গরু ব্যবসায়ীরা জানিয়েছেন।সূত্র জানায়, বেড়া ও সাঁথিয়ার অসংখ্য পরিবার গরু মোটাতাজাকরণের সঙ্গে জড়িত। পরিবারগুলো অল্প দামে ছোট বাছুর কিনে এক থেকে দেড় বছর লালনপালন করে কোরবানির আগে সেগুলো বিক্রি করে ভালো আয় করে থাকে। সরেজমিনে দেখা গেছে, দুই থেকে তিন সপ্তাহ আগেই গরু ব্যবসায়ীরা গরু কেনা শুরু করেছেন। কেনার পর গরুগুলোকে নদীর পাড়ে, মাঠে অথবা ব্যবসায়ীদের বাড়ির আঙিনায় শামিয়ানা টাঙিয়ে অস্থায়ী গোয়াল বানিয়ে রাখা হয়েছে।বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার গরু ব্যবসায়ী সাঈদ আলী সরকার বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে ৭০টি গরু কিনে হুরাসাগর নদের পাড়ে রেখেছেন। সেখান থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে সেগুলো ঢাকায় কোরবানির হাটে নিয়ে যাবেন। সাঈদ আলী জানান, গত বছরের তুলনায় এ বছর গরু কিনতে হচ্ছে বেশি দামে। এবার এ এলাকায় গরু বেশ কম হওয়ায় বেশি দামে গরু কিনতে হচ্ছে। সাঁথিয়ার সোনাতলা গ্রামের গরু ব্যবসায়ী হাসান আলী বলেন, ‘গত বছর ঈদের ১৫ দিন আগে ৫০-৬০টা গরু কিনছিল্যাম। কিন্তু এবার এ গিরাম-সে গিরাম ঘুইর‌্যা ২২টা কিনছি। ম্যালা খামারি আর গিরস্ত এবার গরু না পালায় গরুর সংখ্যা যেরম কম, দামও বেশি।’ বেড়া-সাঁথিয়ার বেশ কয়েকজন গরু ব্যবসায়ী ও পশুসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবছর দুই উপজেলা থেকে কমপক্ষে ২৫ হাজার গরু ঢাকাসহ দেশের বিভিন্ন কোরবানির হাটে নেওয়া হয়। কিন্তু এবার এই সংখ্যা ১৫ হাজারের বেশি হবে না। স্থানীয় সূত্রগুলো বলছে, গত বছর অ্যানথ্রাক্সের প্রভাবে গরু পালনকারীরা ভালো দাম পাননি। এর ওপর প্রায় ছয় মাস ধরে গোখাদ্যের অগ্নিমূল্যের কারণে অনেকেই এবার গরু পালনে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ কারণেই গবাদিপশুর এলাকা বলে খ্যাত বেড়া ও সাঁথিয়ায় এবার গরু পালন কম হয়েছে। বেড়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘বেড়ায় এবার অনেক গৃহস্থ ও খামারি মোটাতাজাকরণে আগ্রহী কম ছিল বলে অন্য বছরগুলোতে দেশের বিভিন্ন কোরবানির হাটে বেড়ার অন্তত ১২ হাজার গরু গেলেও এবার হয়তো হাজার সাতেক গরু ওই সব হাটে যাবে।’সাঁথিয়া উপজেলা পশুসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘এলাকার খামারি ও লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবার এ উপজেলায় গরু মোটাতাজাকরণ কম হওয়ায় কোরবানির গরুর সংখ্যা কম।’